ওঙ্কার ডেস্ক: মনামীর সাজগোজ বরাবরই দর্শকদের নতুন চমক দেয়। নিত্যনতুন ভাবনার পোশাকে ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করেন অভিনেত্রী। এবার সেই রেওয়াজ তাঁর পুজোর গানের মিউজিক ভিডিওতেও রাখলেন। গত আগস্ট মাসে নীল রঙের আলতা পরে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। সাধারণত এযাবৎকাল আলতার রং লাল দেখতেই অভ্যস্ত সকলে, তবে এবার নীল রঙের আলতা পরার ট্রেন্ড শুরু করলেন মনামী ঘোষ। এবার তাঁর সেই ‘নীল আলতা রহস্য’ই ফাঁস হল।
প্রসঙ্গত, অভিনেত্রীর সাজ কিছুটা এমন ছিল, হাতে, গলায় সর্পিল ডিজাইনের অলংকার। খোলা চুল। পরনে লাল রঙের শাড়ি-ব্লাউজ। আর হাতে নীল রঙের আলতা। সঙ্গে মানানসই রঙের টিপ। সবমিলিয়ে নতুন লুকেও দর্শক-অনুরাগীদের আরও একবার মুগ্ধ করলেন মনামী ঘোষ। যার নেপথ্যে তাঁর পুজোর উপহার ‘কল্কি’। হিন্দু শাস্ত্র মতে বিষ্ণুর দশম এবং শেষ অবতার ‘কল্কি’। যেহেতু বিষ্ণু নীল রং ধারণ করেন, সেকথা মাথায় রেখেই ‘নীল আলতা’য় সেজেছেন মনামী। শুধু তাই নয়, পুজোর গানের মিউজিক ভিডিওর সাজপোশাকেও কল্কি পুরাণের সঙ্গে মিলিয়ে দিলেন তাঁর এই সাজের কারণও জানালেন। কল্কি পুরাণে যেহেতু সাপের উল্লেখ রয়েছে, সেই প্রেক্ষিতেই সর্পিল গয়না বেছে নিয়েছেন অভিনেত্রী। ‘আইলো উমা’র পর এবার ‘কল্কি , এলো রে গৌরী’ মিউজিক ভিডিওতেও যে নাচে-গানে পুজোর জলসা মাতিয়ে দেবেন অভিনেত্রী, তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, যে কোনও অনুষ্ঠানের রেড কার্পেটের জন্য নতুন লুক তৈরি করেন মনামী। কখনও প্লাস্টিকের ফ্রক, নকশিকাঁথার গাউন, কখনও তাঁর শাড়ির আঁচলজুড়ে মৃণাল সেনের অবয়ব, আবার কখনও অ্যাকোরিয়াম ব্যাগ হাতে বা দড়ির পোশাকে ধরা দিয়েছেন মনামী ঘোষ। সাজগোজে তাক লাগাতে অভিনেত্রীর জুড়ি মেলা ভার! এবার পুজোর প্রাক্কালে নজর কাড়লেন নতুন লুকে।
