ওঙ্কার ডেস্ক: সাফল্য যাঁকে ঘিরে থাকে, আলোকবৃত্তের বাইরে নাকি সেই মেয়েই একা, তিনি অভিনেত্রী মিমি চক্রবর্তী। হাতে একগুচ্ছ কাজ। বক্স অফিসের হিসাবের নিরীখে সমসাময়িক অনেককে পিছনে ফেলে দিলেও নাকি মিমির জীবনে প্রেম-ভালবাসা আজও ব্রাত্য। তাতে যদিও নায়িকার কোনও আফসোস নেই। আরও একবার সেই কথাই যেন মনে করিয়ে দিতে চাইলেন নায়িকা।
সম্প্রতি একটি রিল শেয়ার করেছেন মিমি। টুকরো-টুকরো ছবিতে ভেসে উঠেছে তাঁর সকল কাজ। গান নয় বেছে নিয়েছেন এমন এক অডিও যা নায়িকার বাস্তবকে শব্দে সাজিয়ে দিয়েছে। ইংরেজিতে সেখানে যা বলা হয়েছে, বাংলায় তার অর্থ দাঁড়ায়, ‘সব শক্তিশালী নারীর নেপথ্যে, এমন এক গল্প আছে, যা কেউ জানে না। এমন এক গল্প যেখানে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে, যা কারও চোখে পড়েনি। সেই গল্পে সে পৃথিবীর ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। আর এত কিছু একা করেও সকলের পাশে থেকেছে সে। সেই সময়গুলোর কথা কেউ জানে না, যখন তার সবচেয়ে বিশ্বস্ত মানুষেরাই তাকে ঠকিয়েছে। সে শক্ত হয়েছে, কারণ জীবন তাকে শিখিয়েছে। সে বুঝেছে জীবনে শুধু তুমিই তোমার পাশে থাকবে। সে বুঝেছে, নকল বন্ধু আসবে-যাবে। নিজের শান্তির জন্য নিজেকেই লড়তে হবে। সে নরক চাক্ষুষ করেও আবার উঠে দাঁড়িয়েছে।’ প্রেম থেকে বন্ধুত্ব, জীবনের পথ কখনওই মসৃণ ছিল না অভিনেত্রীর। মন ভেঙেছে বারবার। তবু ঘুরে দাঁড়িয়েছেন। সে কথা যেন নিজেকেও আরও একবার মনে করিয়ে দিলেন।
আপাতত মিমির চোখ ‘রক্তবীজ ২’এর দিকে। ২০২৩ সালে সত্য ঘটনায় ছায়ায় রচিত হয় রক্তবীজ। মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা যায় আবির চট্টোপাধ্যায় এবং মিমিকে। এবারও অন্যথা হবে না। ‘রক্তবীজ ২’ আসছে এবং আপাতত দর্শকের চোখও সেদিকেই। মুক্তি পেতে চলেছে ২৬ সেপ্টেম্বর।
