ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় হইচই কাণ্ড! কালীপুজোর আবহে মা কালীর কাছে চড় খেলেন অভিনেতা অঙ্কুশ হাজরা! গালে সেই মারের চিহ্নও স্পষ্ট। একচড়ে যেন দিগ্বিদিগ জ্ঞান হারিয়েছেন অভিনেতা! তবে এ বিষয়ে অঙ্কুশকে নাকি মহাদেব আগেই সর্তক করেছিলেন। কিন্তু সেকথা শোনেনি তিনি। ফলত, মায়ের কাছে ‘শাস্তি’ পেতে হল! কালীপুজোর দিন সমাজমাধ্যমে নতুন ছবি শেয়ার করে এমন ‘ঘটনা’র কথাই জানালেন অঙ্কুশ।
প্রসঙ্গত, দীপাবলি উপলক্ষে অভিনেতার আসন্ন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর পোস্টার প্রকাশ্যে এনেছেন। সেখানেই দেখা গেল, রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবিতে মজার ট্যুইস্ট রেখেছেন অভিনেতা-প্রযোজক। ছবির নামেই রয়েছে গল্পের ইঙ্গিত। গল্পে নারীচরিত্রকে ‘ভয়ংকরী’ রূপে দেখানো হয়েছে, তবে মজাচ্ছলে। চলতি বছর মার্চ মাসে প্রথম পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে পেটে খিল ধরিয়েছিলেন অঙ্কুশ। এবার কালীপুজোয় নতুন পোস্টারে কৌতূহল আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন অভিনেতা। সেখানেই উল্লেখ, মায়ের হাতে চড় খাওয়ার আগে বার বার অঙ্কুশকে সতর্ক করেছিলেন মহাদেব। আসল গল্প ফাঁস হবে ২০২৬’এর জানুয়ারি মাসে। সেসময়েই মুক্তি পাচ্ছে অঙ্কুশের ‘নারী চরিত্র বেজায় জটিল’। ছবিতে ঐন্দ্রিলার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কে।
‘নারী চরিত্র বেজায় জটিল’-এর গল্প আবর্তিত হবে ঝন্টুকে ঘিরে। যে চরিত্রে রয়েছেন অঙ্কুশ। এমনিতে সে চালাক-চতুর। কিন্তু কোনও ভাবেই বুঝে উঠতে পারে না তার আশপাশের নারীদের মন। সেই অসাধ্য সাধনের গল্পই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সুমিত সাহিল। অ্যাকশন অবতারে ধরা দেওয়ার পর এবার আদ্যোপান্ত পারিবারিক সিনেমা নিয়ে আসছেন প্রযোজক-অভিনেতা অঙ্কুশ হাজরা.
