ওঙ্কার ডেস্ক: স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের জল্পনা তুঙ্গে। এ কাহিনী যেন সিনেমার অংশের কিছু কম নয়। গায়েহলুদ হওয়ার পরেও স্থগিত হয়ে যায় বিয়ে। এর পরে একাধিক জল্পনা। পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও ওঠে। গোটা ঘটনার দিন ছয় পরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অভিমান ভুলে তবে আবার পলাশের কাছাকাছি এলেন স্মৃতি! কোন ইঙ্গিত তারকাযুগল?
২৩ নভেম্বরই বিয়ে হওয়ার কথা ছিল পলাশ ও স্মৃতির। কিন্তু সেই বিয়ে এখন অতীত, কারণ স্মৃতির প্রেমিকের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। কখনও এক নারীর সঙ্গে চুম্বনে রত হয়েছেন আবার কখনও অন্য নারীর সঙ্গে সাঁতার কাটার প্রস্তাব দিয়েছেন বলে শোনা যায়। এর পরেই নাকি স্থগিত হয়ে যায় বিয়ে। চার ঘণ্টা ধরে কান্নাকাটি করে অসুস্থ হয়ে যান পলাশ, দাবি করেন তাঁর মা। হাসপাতলেও ভর্তি হতে হয় স্মৃতির বাবাকে।
তবে এবার নতুন কান্ড ঘটালেন পলাশ ও স্মৃতি, একইসঙ্গে একই সময় নিজেদের ইনস্টাগ্রামের ‘বায়ো’তে একটি বিশেষ ইমোজি ব্যবহার করতে দেখা যায়। বহু চর্চিত নীল রঙের ‘এভিল আই’ চিহ্ন দেখা যায় তাঁদের ‘বায়ো’তে যা সাধারণত কুনজর থেকে বাঁচায় বলে ধরে নেওয়া হয়। তার পর থেকেই অনুরাগীদের মধ্যে নতুন চর্চা, তা হলে হয়তো স্মৃতি ফের বিয়ের পিঁড়িতে বসবেন! কেউ কেউ স্মৃতির মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ আবার ক্রিকেটতারকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা নিয়ে মন্তব্য করেছেন সমাজমাধ্যমে। যদিও ছোট্ট এই ইঙ্গিত ছাড়া সরাসরি আর কোনও বিবৃতি এখনও পর্যন্ত দিতে দেখা যায় নি স্মৃতি বা পলাশকে।
