ওঙ্কার ডেস্ক: বক্স অফিসে একের পর এক চমক দেখাচ্ছেন টলিপাড়ার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাত্র কয়েকদিনের ব্যবধানে মুক্তি পেয়েছিল বড় পর্দায় তাঁর দুটি ছবি ‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’। দুটি ছবিই বেশ ভালোই সাড়া ফেলেছিল। এবার নতুন চরিত্র নিয়ে ফের ব্যস্ত অভিনেত্রী।
উল্লেখ্য, অদিতি রায়ের পরিচালনায় হইচই’র পর্দায় নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’এও দেখা যাবে শুভশ্রীকে। কারাগারে বন্দি এক অন্তঃসত্ত্বা নারীর গল্প বলবে এই সিরিজ। সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে তাঁর মুখে ক্ষোভের ছায়া স্পষ্ট। চোখে রাগ, কপালে কাটা দাগ আর তার সঙ্গে চেহারায় যেন আক্রমণের ছাপ। উল্লেখ্য, শুভশ্রীকে এখানে দর্শক পাবেন একজন সাংবাদিকের চরিত্রে। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই ছবিতে শুভশ্রী ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন সাহেব চট্টোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিত্র দত্ত বণিক প্রমুখ। এছাড়াও থাকবেন এক ঝাঁক নতুন তারকা।
এর আগেও হইচই’র পর্দাতে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে নিজেকে অন্যভাবে মেলে ধরেছিলেন শুভশ্রী। তাঁকে সেই রূপে দেখে দর্শক রীতিমতো চমকে গিয়েছিলেন। শুধু তাই নয় ভিন্ন স্বাদের চরিত্রে নিজের সেরাটুকু উজার করে দিয়েছিলেন শুভশ্রী। এবার অদিতি রায়ের পরিচালনায় ফের এই সিরিজেও যে নিজেকে অন্যভাবে তুলে ধরবেন শুভশ্রী সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। সব ঠিক থাকলে পুজোতেই শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং।
