ওঙ্কার ডেস্ক: শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর নচিকেতা এখন অনেকটাই সুস্থ। আপাতত দিন কয়েক পুরোপুরি বিশ্রামে থাকার পাশাপাশি তাঁকে ডায়েট চার্ট অনুসরণ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, হাসপাতাল থেকে বেরনোর আগে চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন গায়ক। শুধু তাই নয়, হাসিমুখে সকলের সঙ্গে ছবিও তোলেন নচিকেতা। দিন কয়েক আগেই আচমকা বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নচিকেতা চক্রবর্তী। পরীক্ষা করে জানা যায়, গায়কের হার্টে ব্লকেজ রয়েছে গায়কের। সেইমতো স্টেন্ট বসানো হয় গায়কের হৃদযন্ত্রে।
এদিকে গায়কের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়েছিল তাঁর অনুরাগীমহল। এবার স্বস্তি। কারণ চিকিৎসকরা জানিয়েছেন, সঙ্গীতশিল্পীকে নিয়ে দুশ্চিন্তার আর কোনও কারণ নেই। এখন শুধু সময়মতো খাওয়াদাওয়া আর বিশ্রাম করলেই পুরোপুরি সেরে উঠবেন তিনি।
