ওঙ্কার ডেস্ক: ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিক থেকেই তাঁর খ্যাতি শুরু হয়েছিল। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থার মাধ্যমেই রোহন ভট্টাচার্যের ছোটপর্দার জনপ্রিয় মুখ হিসাবে দর্শকের ভালবাসা পেয়েছিল। কোনও দিন পরস্পরের বিরুদ্ধে কোনও কটু কথা বলেননি তাঁরা। তবে দিন তিনেক ধরে তাঁরাই গুঞ্জনের শিরোনামে! খবর, রোহন নাকি স্নেহাশিসের সঙ্গে এতটাই দুর্ব্যবহার করেছেন যে প্রযোজক সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন। স্নেহাশিস এও নাকি জানিয়েছেন, দরকারে তিনি একাধিক ‘রোহন’ তৈরি করে নিতে পারেন।
তবে এ কথা শুনেই রোহন জানান “খবর জেনে আমার প্রায় মাথায় হাত! বিশ্বাস করুন, স্নেহাশিসদার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করিনি কোনোদিন। দাদার সঙ্গে সে রকম কোনও কথাই হয়নি। কোথা থেকে কী গুঞ্জন ছড়াল, বুঝতেই পারছি না”, বরং তিনি যাঁর হাত ধরে তিনি খ্যাতির মুখ দেখেছেন, তাঁকে অকারণে অপমান করার কথা ভাবতেও পারেননা, এও জানান অভিনেতা।
প্রসঙ্গত, সদ্য রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ ছবির অন্যতম অভিনেতা হিসাবে শুটিং করছেন রোহন। শুটিংয়ের ফাঁকে হঠাৎ চোখে পড়ে, স্নেহাশিসের সঙ্গে তাঁর নাম জড়িয়ে গুঞ্জন ছড়িয়েছে! অভিনেতা হিসাবে তাঁর পরিচিতি রয়েছে। এ প্রসঙ্গে স্নেহাশিস চক্রবর্তী এই গুঞ্জন নস্যাৎ করেছেন। তাঁর কথায়, “আমার ধারাবাহিকের সমস্ত নায়কের সঙ্গে ভাল সম্পর্ক। একা রোহন নন, প্রতীক, সুস্মিত, সৌম্যদীপসহ সকলেই আমায় ভালবাসেন। কাজের প্রয়োজনে হয়তো বকেছি। ভাল অভিনয় করলে প্রশংসাও করেছি। এটা কাজের অঙ্গ।” তার জন্য আজ পর্যন্ত কেউ তাঁকে কোনও বাজে কথা বলেননি। উল্লেখ্য স্নেহাশিসও জানেনও না, এই ধরনের ভুয়ো খবর কোথা থেকে কে ছড়াল!
