ওঙ্কার ডেস্ক: পুরনো বছর শেষ করে নতুনকে স্বাগত। নতুন বছরের আনন্দে ঝলমল করছে টলিপাড়াতেও। রাক-ঢাক সরিয়ে টলিপাড়ার দুই বহুচর্চিত জুটি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। আর সোনামনি সাহা ও প্রতীক সেনের সমাজমাধ্যমে আদুরে ছবি পোস্ট করেছেন। নববর্ষের আবহে তাঁদের সম্পর্ক যেন আরও প্রকাশ্যে, আরও উজ্জ্বল হয়ে উঠল সকলের কাছে।
দীর্ঘদিন ধরেই সাহেব ও সুস্মিতার সম্পর্ক নিয়ে টলিপাড়ায় গুঞ্জন চলছিল। কানাঘুষো বলছে, ‘কথা’ ধারাবাহিকের শুটিং পর্ব থেকেই দু’জনের মধ্যে মন দেওয়া–নেওয়া শুরু। বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে সেই সম্পর্ক নাকি এগিয়েছে প্রেমেড় পথে। প্রকাশ্যে যদিও কেউই কখনও কিছু স্বীকার করেননি, তবে তাঁদের চোখের ভাষা আর আচরণই সব বলে দেয়। অন্যদিকে, নতুন বছরকে তাই সাহেব ও কাছের মানুষদের সঙ্গেই স্বাগত জানাতে দেখা যায় সুস্মিতাকে। উদযাপনের মুহূর্তে মনের মানুষের বাহুলগ্না হয়ে তোলা ছবিও ভাগ করে নিলেন সকলের সঙ্গে। যেন মুখে কিছু না বলেই সম্পর্কের ইঙ্গিত স্পষ্ট করে দিলেন।
একদিকে যেমন সাহেব–সুস্মিতা তেমনই পাশাপাশি প্রেমের আলোচনায় রয়েছে টলিপাড়ার আরেক জুটি সোনামনি ও প্রতীক। ‘মোহর’ ধারাবাহিকের সময় থেকেই তাঁদের অনস্ক্রিন রসায়ন নজর কেড়েছিল দর্শকের। শুটিংয়ের ফাঁকে ফাঁকে ঘনিষ্ঠতা, একে অপরের প্রতি বাড়তি যত্ন। সব মিলিয়ে জল্পনার ইন্ধন কম ছিল না। তবে এই নিয়ে বরাবরই সাবধানী থেকেছেন তারকা জুটি। প্রেমের প্রশ্নে স্পষ্ট করে শিলমোহর বসাননি কখনও। কিন্তু বর্তমান ছবি যেন অন্য কথা বলছে, সব মিলিয়ে অনেকের কাছেই এই ‘বন্ধুত্ব’ যেন অন্য ইঙ্গিতই দেয়। বছরের শেষ লগ্নে প্রতীকের সঙ্গে মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোনামনি। তাঁদের এই নীরবতাই যেন স্পষ্ট হয়ে উঠেছে তাঁদের সম্পর্কের সমীকরণ।
