ওঙ্কার ডেস্ক: বিগত বেশ কিছু দিন ধরেই আলোচনায় রয়েছেন সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ। তাঁর বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। এক রিপোর্টে দাবি করা হয়েছে, এই অভিযোগের কারণে সম্প্রতি তাঁকে বের করে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক থেকেও।
জানা যাচ্ছে, ছবির কাজের জন্য লন্ডনে গিয়েছিলেন প্রতীক। তিনি যখন বিদেশে ঠিক তখনই অভিনব সিং নামক এক পরিচালক তাঁর বিরুদ্ধে প্রথম আওয়াজ তোলেন। তাঁর অভিযোগ, ১জন নয় ২০জন মহিলার থেকে নগ্ন ছবি চেয়েছিলেন এই সিনেমাটোগ্রাফার। শুধু তাই নয়, তাঁর প্রাক্তন প্রেমিকাও অভিনবের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। দিনের পর দিন মানসিক অত্যাচার, শারীরিক নিগ্রহসহ একাধিক অভিযোগ।
ছবির কাজ শুরুর আগেই যৌন কেলেঙ্কারির তকমা! শোনা যাচ্ছে, জটিলতা যাতে না বাড়ে সেই কারণে আগেভাগেই সৌরভের বায়োপিক থেকে প্রতীককে সরিয়ে দিয়েছেন প্রযোজক লাভরঞ্জন।
প্রসঙ্গত, প্রতীক এর আগে কাজ করেছেন ‘হোমবাউন্ড’ বলে এক সিনেমাতেও। ধর্ম প্রযোজনা সংস্থা প্রযোজিত ওই ছবি এবার কান চলচ্চিত্র উৎসবেও গিয়েছিল। তাতে অভিনয় করেছেন বলিউডের বহু তারকারাও। প্রতীকের বিরুদ্ধে অভিযোগ উঠতেই ধর্ম প্রযোজনা সংস্থার তরফে এক বিবৃতি পেশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, ওই ছবির শুটিংয়ের সময়ে প্রতীকের বিরুদ্ধে কোনও অভিযোগ জানানো হয়নি। তাদের এও দাবি, কোনওরকম যৌন হেনস্থা তাঁরা সমর্থনও করেন না। তাই আগামী দিনে ধর্মের কোনও কাজে শামিল থাকবেন না প্রতীক।
প্রসঙ্গত, সৌরভের বায়োপিক থেকে প্রতীককে সরিয়ে দেওয়ার খবর সামনে এসেছে। যদিও প্রযোজনা সংস্থার তরফে এ বিষয়ে কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি। নানান জটিলতা কাটিয়ে অবশেষে তৈরি হতে চলেছে গাঙ্গুলির বায়োপিক। নাম ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে।
