ওঙ্কার ডেস্ক: সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। বিদেশের মাটিতে অসমের পুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন! তারপরেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে জুবিন গর্গের মৃত্যুতদন্তের জন্য ‘সিট’ গঠনের সিদ্ধান্ত নেয় অসম সরকার। এবার অসম বিধানসভায় বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গায়কের মৃত্যুর পরই ষড়যন্ত্রের আশঙ্কা করেছিলেন হিমন্ত। এমনকী নভেম্বর মাসের গোড়ার দিকেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ষড়যন্ত্রে তত্ত্বে জোর দিয়ে বলেন, ‘খুন হয়েছেন জুবিন গর্গ।’ তবে এবার অসমের বিধানসভায়ও জুবিন গর্গের প্রসঙ্গ উত্থাপন করলে তখনও হিমন্ত বিশ্বশর্মা জোর দিয়ে বলেন, “এটা অপরাধমূলক ষড়যন্ত্রের আশঙ্কা নয়, বরং সোজাসাপটাভাবে বলতে হলে, খুনই হয়েছেন জুবিন।” উল্লেখ্য, গুয়াহাটি হাই কোর্টের বিচারপতি সৌমিত্র সাইকিয়ার ত্বত্ত্বাবধানে সংশ্লিষ্ট কমিশন গত ৩ নভেম্বর থেকে ঘটনার সঙ্গে যুক্ত সকলের বয়ান রেকর্ড করা শুরু করেছে।
বর্তমানে অসমের মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যে নতুন করে শোরগোল পড়েছে সমাজমাধ্যমে। তবে কি সত্যিই খুন হয়েছেন জুবিন? এর পেছেনে কারাই বা থাকতে পারেন? প্রশ্ন উঠেছে একাধিক। তবে সেই উত্তর এখনও অধরা, সদ্যই গিয়েছে সঙ্গীতশিল্পীর জন্মদিন সেই উপলক্ষ্যে তাঁর অনুরাগীরা নানাভাবে সেই দিনটি উদযাপন করেছেন। বর্তমানে এই রহস্যের উত্তর খুঁজছেন সকলে।
