ওঙ্কার ডেস্ক: দর্শকের চাহিদায় আবারও পর্দায় ফিরছে শোলাঙ্কি-গৌরবের জুটি। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন তাঁরা। তাঁদের জুটি সাদরে গ্রহণ করেছিল দর্শক। সেই ধারাবাহিকের সফর শেষ হওয়ার পর, দর্শকরা আবারও এই জুটিকে দেখতে চেয়েছিলেন। সেই দাবি মেনেই ‘মিলন হবে কতদিনে’ নিয়ে ফিরছেন তাঁরা। ধারাবাহিকের ঘোষণা আগেই হয়েছিল, এবার অবশেষে জানা গেল কবে থেকে দেখা যাবে এই মেগা।
প্রসঙ্গত, শুক্রবার ২১ নভেম্বর ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এনে জানানো হয় আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই মেগা। রাত সাড়ে ৯টা নাগাদ দেখা যাবে এই মেগা। তবে এরই মাঝে দর্শকদের মনে উঠেছে অন্য প্রশ্ন ১ ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে যদি ‘মিলন হবে কতদিনে’ আসে, তাহলে কি ‘অনুরাগের ছোঁয়া’ শেষ হচ্ছে? তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি যে আদৌ এই মেগা শেষ হচ্ছে না স্লট বদল হবে।
অন্যদিকে, এই নতুন ধারাবাহিকের গল্পে দেখা যাবে, প্রেম, ভালবাসা, বিয়ে- এসবে একদমই বিশ্বাস করে না ব্যবসায়ী পরিবারের ছেলে, ব্যবসায়ী গোরা। আর তাঁদের তরফে একটা ম্যাচ মেকিং অ্যাপ আনা হচ্ছে! অন্যদিকে এলার বাড়িতে অন্য সমস্যা, ৫ দিনের মধ্যে চাকরি জোটাতে না পারলে যাকে পাওয়া যাবে, তার সঙ্গেই ধরে বেঁধে বিয়ে দেওয়া হবে তার। এমন সময় কাজ খুঁজতে গিয়ে গোরাদের অ্যাপের প্রচারেই কাজ পায় এলা। আর তার হাত ধরেই দুজনের আলাপ ঘটবে। সত্যি সত্যিই কী করে কবে মিলন হবে তাঁদের সেই গল্পই দেখার অপেক্ষায় দর্শক।
প্রসঙ্গত ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কৌশিক রায়কে। এতদিন পর অভিনেত্রী ছোটপর্দায় ফেরায় তাঁর অনুরাগীদের কৌতূহলও কিছু কম নয়।
