ওঙ্কার ডেস্ক: ভালবাসার সংজ্ঞা সময়ের সঙ্গে সঙ্গে বদল হচ্ছে। এমনটা প্রায়শয়ই মনে হয় সকলের। বিশেষত প্রজন্মের ফারাক থাকলে সেই ভাবনা যেন আরও বেড়ে যায়। তবে হ্যাঁ কোথাও গিয়ে খানিকটা ভালোবাসার সংজ্ঞা বদলেছেও। সময়ের সঙ্গে সঙ্গে যেমন একটু একটু করে পালটায় যেন ঠিক তেমনি। অনেকেই আবার বলেন সংজ্ঞা যেমন ভালবাসার বদলেছে তেমনি বদলেছে সম্পর্কের আবেগ-অনুভূতিও।
আবার ঠিক এই ধারণার পাশাপাশি অনেকেরই মনে হয় এই সময়ে দাঁড়িয়ে বন্ধু বিনে প্রাণ না বাঁচার মতোই সম্পর্কও বাঁচে না। সম্পর্কেও বন্ধু প্রয়োজন। আর বন্ধুত্ব ও প্রেম একই সুতোয় যদি বাঁধা পড়ে তাহলে কী হবে? তেমনই গল্প নিয়ে সৌম্যজিৎ আদকের পরবর্তী ছবি ‘টেক কেয়ার ভালোবাসা’। চার বন্ধুর গভীর বন্ধুত্ব আর তাঁদের ভালবাসা নিয়েই বোনা হবে এই ছবির গল্প। আর সেই চার বন্ধুর চরিত্রে দর্শক দেখবেন শোলাঙ্কি রায়, সৌম্য মুখোপাধ্যায়, রাহুল মজুমদার ও শ্রীমা ভট্টাচার্যকে।
রথযাত্রার দিনই এই ছবির মুহরতের জন্য বেঁছে নিয়েছিলেন পরিচালক ও তাঁর টিম। ২৯ জুন, রবিবাসরীয় বিকেলে ছবির টিমের তরফে সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার। খাতার পাতা একে একে পাতা উলটে আসছে ছবির চরিত্রদের নাম। শোলাঙ্কির চরিত্রের নাম লহরী, সৌম্যর চরিত্রের নাম শাক্য, রাহুলের চরিত্রের নাম ঈশান ও শ্রীমার চরিত্রের নাম সঞ্জনা। মোশন পোস্টার ও ছবির চরিত্রদের নাম প্রকাশের সঙ্গে সঙ্গে এল ছবির নামের সঙ্গে তাল মিলিয়ে বার্তা। ভালবাসাকে যত্নে রাখার বার্তা। ভালোবাসা যত্নে বাঁচে। তাকে শুধুমাত্রই অভ্যাস ভেবে অনেকেই যে ভুল করেন তা হয়তো খানিক শুধরে নেওয়ার বার্তাই হয়তো দিতে চায় এই ছবি। আপাতত এই ছবির অপেক্ষায় সকলে।
