ওঙ্কার ডেস্ক: টলিউডে নেমে এল শোকের ছায়া। বুধবার দুপুরে আচমকাই খবর ছড়িয়ে পড়ে গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন পরিচালক অনীক দত্ত। প্রথমে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে খবর আর নেই ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্র জগৎ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পরিবার বা পুলিশের তরফে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। ঠিক কী পরিস্থিতিতে তিনি ছাদ থেকে পড়ে যান, তা নিয়ে বিশদে তদন্ত চলছে। পরিচালকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে।
বেলা সাড়ে ৩টে নাগাদ পরিচালকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে বলে খবর। পরিচালকের কন্যা ঐশী দত্ত থাকেন বিদেশে। সূত্রের খবর, তিনি কলকাতায় ফিরলেই পরিচালকের শেষকৃত্যের কাজ শুরু হবে। পাশাপাশি এই খবর পেয়েই ইতিনধ্যেই হাসপাতালে ছুটেছেন সৃজিত মুখোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র।
প্রসঙ্গত, বাংলা সিনেমায় ব্যতিক্রমী পরিচিতি তৈরি করেছিলেন পরিচালক। বিজ্ঞাপনের জগৎ থেকে চলচ্চিত্র পরিচালনায় আসা অনীক দত্ত ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে পরিচালনায় আসেন। মুক্তির পরই ছবিটি দর্শকমহলে বিপুল সাড়া ফেলেছিল। এরপর একে একে তিনি পরিচালনা করেন ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদবধ রহস্য’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘অপরাজিত’-র মতো একাধিক জনপ্রিয় ছবি। সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে তৈরি ‘অপরাজিত’ বিশেষভাবে প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচক মহলে। মোট আটটি ছবি পরিচালনা করেন অনীক দত্ত। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’, যা ২০২৫ সালে মুক্তি পেয়েছিল। পরিচালকের এহেন আকস্মিক মৃত্যুসংবাদ সামনে আসতেই শোকপ্রকাশ করেছেন টলিউডের বহু অভিনেতা, পরিচালক ও শিল্পীরা।