ওঙ্কার ডেস্ক: প্রথমবার সিনেদুনিয়ার অংশ হিসেবে বাবা ও ছেলে একমঞ্চে। ছেলে আরিয়ান খান প্রথমবার পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে হাতেখড়ি করলেন। শাহরুখ-আরিয়ানের সেই মুহূর্তের সাক্ষী থাকল বলিউড। ছেলের জন্য কিং খানকে দেখা গেল কখনও সাংবাদিকদের কাছে আশীর্বাদ চাইলেন, আবার কখনও বা তাঁদের কাছে তুলে ধরলেন ‘পরিশ্রমী’ আরিয়ানের কথা।
ভাঙা হাত নিয়েই ছেলে আরিয়ানের জন্য বলিউড ডেবিউয়ের সাক্ষী থাকতে মঞ্চে উঠলেন শাহরুখ। বললেন, “আমি ধন্য যে এই পবিত্র দেশে, মুম্বইয়ের এই পুণ্যভূমিতে, বিগত ৩০ বছর ধরে আমি আপনাদের বিনোদিত করতে সক্ষম হয়েছি। আজ ভীষণ বিশেষ দিন। কারণ এই পুণ্যভূমিতে আমার ছেলেও পা রাখছে। খুব ভালো ছেলে এবং পরিশ্রমী ও। তাই আরিয়ানের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হাততালি দেবেন। আর ওই করতালির মধ্যে আমার ছেলের জন্য একটু আশীর্বাদও রাখবেন দয়া করে। প্রার্থনা করবেন ওর জন্য। এযাবৎকাল আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন।”
এদিন প্রকাশ্যে এল ‘পরিচালক’ আরিয়ান খানের পয়লা সিরিজের পয়লা ঝলক- ‘ব্যাডস অফ বলিউড’। কৌতুকরসের মোড়কে সিনেইন্ডাস্ট্রির কঙ্কালসার রূপ দেখালেন। কখনও সিরিজের ঝলকে ফুটে উঠল বলিউডের কঠিন লড়াই করার গল্প আবার কখনও বা এক স্টার তৈরি হওয়ার কাহিনি। বলিউড তারকাদের স্টারডম, রোম্যান্স-অ্যাকশন থেকে ব্রোম্যান্স, বক্স অফিসের মাতামাতি, পাপারাজ্জি সংস্কৃতি, মশালামুভির সবরকম উপকরণ মজুত ‘ব্যাডস অফ বলিউড’-এ। সিরিজের প্রথম ঝলকে তেমনটাই দেখা গিয়েছে। সিরিজের প্রতি ঝলকে চমক হিসেবে তারকামুখ রেখেছেন তিনি। প্রিটিজারেই দেখা গেল, সুপারস্টার সলমন খানের মেজাজ, কখনও বা পরিচালক-প্রযোজক করণ জোহরের অশ্রাব্য গালিগালাজ, আবার কোনও দৃশ্যে ববি দেওলের গ্ল্যামারাস এন্ট্রি, একগুচ্ছ চমক দিলেন পয়লা ঝলকেই। ক্যামিও চরিত্রে রয়েছেন আমির খান, রণবীর কাপুরও। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ব্যাডস অফ বলিউড’। সিরিজের বিস্তারিত কাহিনী জানতে এখন আর অপেক্ষা আর কিছুদিনের।
