ওঙ্কার ডেস্ক: ‘বসন্ত’ যেন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের মনে এবছর জাঁকিয়ে বসেছে। একে একে বেশ কয়েকজন তারকারা সেরেছেন বিয়ে। আর টলিপাড়াও যে বসন্তের আমেজ গায়ে মাখছে তা বোঝা যাচ্ছে সোশাল মিডিয়ায় চোখ রাখলেই। আর এর মাঝেই সহ-নায়িকার সঙ্গে ইঙ্গিতপূর্ণ পোস্টে প্রেমের জল্পনা উসকে দিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক।
প্রসঙ্গত, আরিয়ানের কাজ করা শেষ ধারাবাহিক ‘ভিডিও বউমা’র সহ-অভিনেত্রীর সঙ্গে নতুন পোস্টেই জল্পনা দানা বাঁধছে। শিবরাত্রিতে সহ-অভিনেত্রী রিখিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিতে দেখা গেল আরিয়ানকে। ওই পোস্টের কোনও ছবিতে তাঁদের দেখা যাচ্ছে আদরের পোষ্যদের নিয়ে হাসিমুখে ক্যামেরার দিকে তাকাতে। তো কখনও আবার দেখা যাচ্ছে দু’জনকে একসঙ্গে পুজো দিতে। এমনকী আরিয়ানের কপালে তিলক এঁকে দিতেও দেখা গিয়েছে রিখিয়াকে। যা বিশেষভাবে নজরে পড়েছে নেটপাড়ার দর্শকদের। ওই পোস্টের ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘আমি থেকে আমরা।’। তারপরই এই ইঙ্গিতপূর্ণ ছবি থেকে ক্যাপশন সবমিলিয়েই এখন টলিপাড়ায় আরিয়ান ও রিখিয়ার প্রেমের কানাঘুষো শুরু হয়েছে। যদিও সম্পর্কের গুঞ্জনে এখনও কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই।
উল্লেখ্য, রিল থেকে রিয়েল লাইফ সঙ্গী হয়ে ওঠার ঘটনা টলিউডে প্রথম নয়। এবার আরিয়ান ও রিখিয়ার রসায়নও তেমনই কিছু হচ্ছে বলে আন্দাজ সকলের। শুধু তাই নয়, একসঙ্গে জুটি হিসেবে ধরা দেওয়ার আগে একে অপরকে চেনেন সেই স্কুলের সময় থেকেই। একই স্কুলেই পড়াশোনা দু’জনের। সম্প্রতি ‘বিজয়নগরের হীরে’ ছবির প্রিমিয়ারেও দেখা গিয়েছিল দু’জনকে। আর এবার তাঁদের নতুন পোস্ট ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। শেষ অবধি এই জল্পনা কোন দিকে মোড় নেয় তারই অপেক্ষা।
