ওঙ্কার ডেস্ক: বর্তমানে টলিউডের এক নম্বর নায়িকার লিস্টে নাম রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। মাতৃত্ব, সংসার, আর একের পর এক ভিন্ন চরিত্রে অভিনয় সবটা একসঙ্গে সামলে তিনি ইতিমধ্যেই দর্শকদের কাছে হয়ে উঠেছেন লেডি সুপারস্টার। সম্প্রতি দেব-শুভশ্রীর নতুন ছবি ‘ধূমকেতু’-র সাফল্য গায়ে মেখেই হঠাৎ মুম্বই পাড়ি দিলেন অভিনেত্রী।
তবে শুভশ্রীর এই মুম্বই যাত্রাও ছুটি কাটাতে নয়, কাজের খাতিরে। শুভশ্রীর মুম্বই সফর ঘিরে প্রথমেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল তবে কি এবার বলিউডে পথে অভিনেত্রী? জানা গিয়েছে, একটি বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন শুট-এর কাজেই গিয়েছিলেন শুভশ্রী। শুটিংয়ের পাশাপাশি সময় কাটিয়েছেন কাছের বান্ধবী মৌনী রায়ের সঙ্গেও। ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ থেকে শুরু হওয়া তাঁদের বন্ধুত্ব আজ আরও দৃঢ়। দু’জনকে সম্প্রতি কালো পোশাকে পার্টি মুডে দেখা গিয়েছে, আর সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নানা রকম চরিত্রে নিজেকে ভাঙা, চরিত্রের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা, এই দিকেই তিনি বারবার নজর কেড়েছেন। তাই বার বার শুভশ্রীকে নিয়ে বলিউডে কাজ করার গুঞ্জন শোনা যায়, যদিও আপাতত মুম্বই যাওয়া শুধু বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য।
অভিনেত্রী, মা আর স্ত্রী তিন ভূমিকায় সমান উজ্জ্বল শুভশ্রী। ‘ধূমকেতু’-র প্রচারের পর শুভশ্রী পরিবার নিয়ে সময় কাটিয়েছেন রাজ চক্রবর্তীর হালিশহরের বাড়িতে। সেখানে কখনও ছেলেমেয়েকে নিয়ে ক্রিকেট খেলায় মেতেছেন। মা হওয়ার পর যেন আরও পরিপূর্ণ হয়েছে তাঁর জীবন। কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের জন্য সময় বের করেন, সংসার সামলান, আবার শুটিং ফ্লোরে ফিরেও দর্শকদের উপহার দেন নতুন ছবি।
মুম্বই সফরের পর আবার নতুন কাজে ফিরছেন অভিনেত্রী। মুম্বই সফর শেষ করে কলকাতায় ফিরে ইতিমধ্যেই নতুন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শুভশ্রী। আপাতত বলিউডে পা রাখার মতো কোনও ঘোষণা না হলেও, তাঁর মুম্বই যাত্রা টলিউড থেকে বলিউডে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে অনেকেই।
