ওঙ্কার ডেস্ক: বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্বময়ী, প্রতিভাবান অভিনেত্রী খুব কমই পেয়েছে। খুব স্বল্প অভিনয় জীবনের মধ্যেই, দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। যতদিন অভিনয় করেছেন, দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক ছবি। কিন্তু খুব অল্প বয়সে বাংলা চলচ্চিত্র জগৎ হারায় তাঁকে। এই নায়িকার মৃত্যু আজও রহস্য-ধোঁয়াশা। শুধু তাই নয়, এই নায়িকার অভিনয় জীবনের পাশাপাশি, ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের অনেক প্রশ্ন রয়েছে গিয়েছে। এবার, সেই নায়িকার জীবনকেই বড়পর্দায় তুলে আনার পরিকল্পনা করেছেন, প্রযোজক রানা সরকার।
জানা গিয়েছে, বড়পর্দায় আসছে, মহুয়া রায়চৌধুরীর বায়োপিক। এই ঘোষণা অবশ্য প্রযোজনা সংস্থার তরফ থেকে আগেই করা হয়েছিল। সিনেমার পরিচালনায় সোহিনী ভৌমিক। তবে মহুয়া রায়চৌধুরীর চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে তা নিয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি, তা নিয়ে চমক বজায় রেখেছিলেন পরিচালক প্রযোজক। আজ, মহুয়া রায়চৌধুরীর জন্মদিন। আর সেই দিনই ছবির প্রধান কাস্টিং প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক। ছবিতে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। আপাতত ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা। বড়পর্দায় এখনও কাজ করেননি তিনি। মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তাঁর প্রথম বড়পর্দায় কাজ হতে চলেছে।
প্রথমবার বড়পর্দায় কাজ, তাও মহুয়া রায়চৌধুরীর মতো চরিত্রে! অভিনেত্রীর কথায়, এই চরিত্র তো যে কোনও মানুষের কাছেই স্বপ্ন। বাংলা সিনেমার কিংবদন্তি ছিলেন উনি, কত ছবি যে দেখেছি ওঁর। এমন একজনের চরিত্রে অভিনয় করার সুযোগ পাব, ভাবতে পারিনি। আমার কাছে যখন এই চরিত্রের অফার আসে, সত্যিই না বলবার কোনও কারণ পাইনি। আমার প্রথম বড়পর্দায় কাজ, তাও মহুয়া রায়চৌধুরীর চরিত্রে… বাস্তব নয়।
কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় অভিনয় করার বিষয়ে অভিনেত্রী বলছেন, আমি এখনও পর্যন্ত প্রস্তুতি কিছু শুরু করিনি। ধারাবাহিক শেষ হলে, তারপরে সময় পাব। মহুয়া রায়চৌধুরীর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করব। ওঁর সঙ্গে আমার তুলনাই চলে না, তবে আপ্রাণ চেষ্টা করব ওঁর চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে।’
