ওঙ্কার ডেস্ক: বিরাট চমক চলতি সপ্তাহের টিআরপি তালিকায়। প্রথম পাঁচ থেকে ছিটকে গেল আগের ধারাবাহিক। তার জায়গা করে নিল নতুন ধারাবাহিক। প্রথম স্থানে এই সপ্তাহে যদিও টিকে রইল স্টার জলসার ধারাবাহিক ‘পরশুরাম’। এই সপ্তাহে মেগার প্রাপ্ত নম্বর ৬.৮। দ্বিতীয় স্থানে জায়গা করেছে জলসার নতুন মেগা ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। বহু বছর পর ছোটপর্দায় ফিরে টিআরপিতে ভালো জায়গা করে নিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। তৃতীয় স্থানে জি বাংলার ‘পরিণীতা’। মাঝে খানিকটা পিছিয়ে গেলেও আবারও দর্শকের কাছে পুরনো জায়গা ফিরে পেয়েছে এই মেগা। চতুর্থ স্থানে রয়েছে দুই ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ও ‘রাঙামতি তীরন্দাজ’। প্রাপ্ত নম্বর ৬.১। গল্পের মোড়ে এখনও পর্যন্ত টিআরপি তালিকায় টিকে রয়েছে জগদ্ধাত্রীও। পঞ্চমে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের দ্বন্দ্ব কমাতে পারেনি মেগার জনপ্রিয়তা। পঞ্চমে রয়েছে ‘দাদামণি’ও। যৌথভাবে দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.০।
এবার নম্বর ষষ্ঠ স্থানে রয়েছে ‘ফুলকি’। জি বাংলার ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮। সপ্তমেও এই সপ্তাহে জোড়া ধারাবাহিক ‘চিরসখা’ ও ‘জোয়ার ভাঁটা’। অষ্টম স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ও ‘ও মোর দরদিয়া’। নবমে জায়গা করে নিয়েছে ‘কম্পাস’। দশমে রয়েছে জি বাংলার ‘তুই আমার হিরো’। এই সপ্তাহের টিআরপি তালিকা বাজিমাত স্টার জলসার। সব মিলিয়ে এবার টিআরপিতে টিকে থাকার খেলা জমে উঠেছে।
