ওঙ্কার ডেস্ক: স্ত্রীকে খুনের অভিযোগে প্রায় তিন বছর জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন স্বামী। আর তার কয়েকদিনের মধ্যেই তাঁর নাবালিকা মেয়ের মৃত্যু হল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। নাবালিকার মামাবাড়ির অভিযোগ, নেপথ্যে অভিযুক্ত বাবার ষড়যন্ত্র থাকতে পারে।
জানা গিয়েছে, মৃতার নাম সায়নী শিকারি। বয়স ১৫ বছরের কাছাকাছি। নবম শ্রেণির ছাত্রী ছিল সে। পরিবার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে নিজের স্ত্রীকে খুনের অভিযোগ ওঠে সমীর শিকারির বিরুদ্ধে। ঘটনার সময় মেয়ে সায়নী সেখানে উপস্থিত ছিল বলে দাবি পরিবারের। পরে সমীর নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তারপর থেকে তিনি জেলেই ছিলেন। আর সায়নী থাকত তার মামার বাড়িতে।
পরিবারের দাবি, সম্প্রতি জামিনে ছাড়া পান সমীর। মামার বাড়ির লোকেরা চাননি, তিনি কোনওভাবে সায়নীর সঙ্গে যোগাযোগ করুন। বিষয়টি থানায় জানানো হয়েছিল। পুলিশের পরামর্শে সায়নীর ফোন নম্বরও বদলে ফেলা হয়েছিল। কিন্তু তারপরেও নতুন নম্বরে মেয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন সমীর বলে অভিযোগ।
সায়নীর দাদুর দাবি, বাবা মেয়ের সঙ্গে কী কথা বলতেন, তা তাঁরা জানতেন না। তবে তাঁদের ধারণা, সেই কথাবার্তা সায়নীর উপর মানসিক চাপ তৈরি করছিল।
পরিবারের বক্তব্য অনুযায়ী, শনিবার বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের মধ্যে সায়নীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার দাদু। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সায়নী নিজে এমন সিদ্ধান্ত নিয়েছিল, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের জন্য মৃতার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনের কল রেকর্ড ও চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আগে কার সঙ্গে যোগাযোগ হয়েছিল, তা জানার চেষ্টা চলছে।
মামার বাড়ির অভিযোগ, সায়নীর মৃত্যুর পিছনে তার বাবার ভূমিকা থাকতে পারে। তাঁদের আরও দাবি, মায়ের খুনের মামলায় সায়নী অন্যতম সাক্ষী ছিল। এই অভিযোগের সত্যতা এখনও যাচাই করা যায়নি। সমীরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতার বাবার সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তাঁরা।