ওঙ্কার ডেস্ক: কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটিতে অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে আবাসনের ৩ নম্বর টাওয়ারের ২৭ তলায় আগুন লাগে। সার্ভেন্টস কোয়ার্টারের পাশেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই ঘটনায় আবাসন চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। যাদবপুর থানার পুলিশও সেখানে যায়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে লিফট ব্যবহার করতে পারেননি বাসিন্দারা। তাঁদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। শিশু ও প্রবীণদের নামিয়ে আনতেও সমস্যায় পড়তে হয়। আতঙ্কে আবাসনের ভিতরে হুড়োহুড়ি শুরু হয়।
উল্লেখ্য সাউথ সিটিতে মোট চারটি টাওয়ার রয়েছে। ৩ নম্বর টাওয়ারে মোট ৩০টি তল। ফলে উঁচু তলায় আটকে থাকা বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনতে বেগ পেতে হয়। একই সঙ্গে ২৭ তলায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনাও দমকল কর্মীদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস বসু জানিয়েছেন, ৩ নম্বর টাওয়ারে আগুন লেগেছে। বাসিন্দাদের নিরাপদে নিচে নামিয়ে আনার কাজ চলছে। খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার খবর পাওয়া গেলেও, আগুন সম্পূর্ণ নেভানোর কাজ চলছিল। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে দমকলের তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে। দমকল সূত্রে খবর, দ্রুত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য জোরকদমে কাজ চলছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।