অর্পিতা মুখার্জী, কলকাতা: দীপাবলির রাতে দিল্লি যেন গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল। আর ঠিক যে সময় বাতাস সবচেয়ে বেশি বিষাক্ত হয়ে উঠছিল, সেই সময়েই রহস্যজনক ভাবে বন্ধ হয়ে গিয়েছিল রাজধানীর বেশিরভাগ বাতাসের গুণমান পর্যবেক্ষণ কেন্দ্র। কিন্তু দীপাবলির ঝলকানি শেষ হতেই এবার প্রকাশ্যে এল দীপাবলির রাতের ঘণ্টায় ঘণ্টায় হিসাব। আর তাতেই চোখ কপালে পরিবেশবিদদের।
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, রবিবার রাত ২টোয় মুন্ডকায় পিএম ২.৫-এর মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ৩,৭৪৪ মাইক্রোগ্রাম। দেশের দৈনিক নির্ধারিত মানদণ্ডের থেকে যা প্রায় ৬০ গুণ বেশি। শুধু মুন্ডকা নয়, আরও বহু জায়গায় ভয়াবহ ছবি ধরা পড়েছে।
সোমবার ভোর ৪টে, জেএনইউ এলাকায় পিএম ২.৫ ছিল ৩,০২৩ মাইক্রোগ্রাম
ভোর ৫টা, নেতাজি সুভাষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাসে ৩,০০৮ মাইক্রোগ্রাম
রাত ১টা, ওয়াজিরপুরে ২,৭২১ মাইক্রোগ্রাম
রাত ৩টে, মন্দির মার্গে ২,৯০৮ মাইক্রোগ্রাম
নেহরু নগরে ২,৮০৮ মাইক্রোগ্রাম
মোট ১১টি পর্যবেক্ষণ কেন্দ্রে মাত্রা ২,০০০-এর উপরে ছিল। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, রবিবার গোটা দিনের গড় হিসাবে দিল্লিতে পিএম ২.৫ ছিল ২৫৭ মাইক্রোগ্রাম। সেটাও জাতীয় মানদণ্ডের চার গুণ। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া দৈনিক সীমার থেকে ১৭ গুণেরও বেশি।
দীপাবলিতে দিল্লিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানোর অনুমতি ছিল। কিন্তু অভিযোগ, সেই সময়সীমা মানা হয়নি। অনেক রাত পর্যন্ত দেদার বাজি ফেটেছে রাজধানীর বিভিন্ন প্রান্তে।
দিল্লিতে বাতাসের গুণমান মাপার জন্য মোট ৫৯টি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। সেগুলি থেকে প্রতি ঘণ্টায় তথ্য আসার কথা। কিন্তু দীপাবলির সন্ধ্যা থেকেই গণ্ডগোল শুরু হয়। রবিবার সন্ধ্যা ৭টায় একটি কেন্দ্র থেকে তথ্য আসা বন্ধ হয়ে যায়। রাত ১টার মধ্যে বিকল কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৬-এ। অর্থাৎ, যখন সবচেয়ে বেশি বাজি ফাটছে, তখন মাত্র ২৩টি কেন্দ্র থেকে তথ্য পাওয়া যাচ্ছিল। সোমবার সকাল ৮টাতেও ৭টি কেন্দ্র থেকে কোনও তথ্য আসেনি। যা নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে রাজনৈতিক মহলগুলিতে।
বাতাসের গুণমান সূচকের তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি। আপ নেতা সৌরভ ভরদ্বাজের অভিযোগ, দূষণের মাত্রা কম দেখানোর জন্য তথ্যে কারচুপি করা হয়েছে। পাল্টা জবাবে দিল্লির মন্ত্রী কপিল মিশ্র বলেছেন, যিনি অভিযোগ করছেন, তাঁর উচিত বিস্তারিত তথ্য দেওয়া। তা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে। দূষণের জন্য তিনি বরং ফসলের গোড়া পোড়ানোকে দায়ী করেছেন।