ওঙ্কার ডেস্ক: তামিলনাড়ুর হোসুরে টাটা ইলেকট্রনিক্সের কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যু হল তিন কর্মীর। তাঁরা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুসারে, ওই কারখানায় অ্যাপলের আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হয়। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করার কথা ঘোষণা করেছে অ্যাপল, টাটা এবং রাজ্য সরকার।
জেলা প্রশাসনের আধিকারিক দীনেশ কুমার জানিয়েছেন, কারখানার বর্জ্য শোধনাগারে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ওই তিন কর্মী। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। বর্জ্য শোধনাগারের একটি বাহ্যিক ন্যানো-ফিল্ট্রেশন ট্যাঙ্ক পরীক্ষা করতে গিয়ে বিষাক্ত গ্যাস শ্বাসের সঙ্গে তাঁদের শরীরে প্রবেশ করে। তাতেই তিন জনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ওই বর্জ্য শোধনাগার পরিচালনার দায়িত্বে ছিল নালকো ওয়াটার। সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোল্যাবের অধীনস্থ। দুর্ঘটনা নিয়ে টাটা ইলেকট্রনিক্স, অ্যাপল এবং নালকো ওয়াটারের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও সংস্থাই প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, চিনের বাইরে উৎপাদন কেন্দ্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় ভারতকে ক্রমশ গুরুত্বপূর্ণ করে তুলেছে অ্যাপল। বর্তমানে বিশ্বের মোট আইফোন উৎপাদনের প্রায় ২৫ শতাংশ ভারতে তৈরি হয়। দেশের আইফোন উৎপাদন ব্যবস্থায় টাটা ইলেকট্রনিক্সের বড় ভূমিকা রয়েছে। সংস্থাটি ভারতে মোট আইফোন সংযোজনের প্রায় ৪০ শতাংশের দায়িত্বে রয়েছে। বাকি অংশের কাজ করে ফক্সকন। তবে সাম্প্রতিক সময়ে টাটার আইফোন উৎপাদন ব্যবসা একাধিক সমস্যার মুখে পড়েছে। এর আগে সংস্থার একটি কারখানায় র্যানসমওয়্যার হামলার ঘটনা ঘটে। পাশাপাশি জলদূষণ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। তামিলনাড়ু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। ফক্সকন, হুন্ডাই, ভিনফাস্ট এবং বিএমডব্লিউয়ের মতো আন্তর্জাতিক সংস্থার কারখানা রয়েছে এই রাজ্যে। শ্রমিকদের মৃত্যুর ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী বিরুধাই মাগাল কীর্থনা।