অর্পিতা মুখার্জী, কলকাতা: জম্মু-কাশ্মীরের কুলগামে ফের নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। লশকর-এ-তৈবার শীর্ষ কমান্ডার লতিফ ভাটকে ধরতে জেলাজুড়ে বড়সড় অভিযান চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনী। তল্লাশির সময় জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। পুলিশ সূত্রের দাবি, লতিফকে প্রায় ঘিরে ফেলা হয়েছে।
অভিযান চলাকালীন নিরাপত্তাবাহিনীর সদস্যরা লতিফের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। সেই কথোপকথনের একটি অংশ প্রকাশ্যে এসেছে, যদিও তার সত্যতা যাচাই করা হয়নি। সেখানে এক সেনাকর্তাকে লতিফের উদ্দেশে আত্মসমর্পণের অনুরোধ জানাতে শোনা যায়। তবে লতিফ সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সংঘর্ষে মৃত্যু হলেও তিনি খুশি হবেন বলে জানান। ঈশ্বরের সঙ্গে দেখা করতে চান বলেও মন্তব্য করেন তিনি।
কুলগামে সিআরপিএফ ছাউনিতে হামলার পর থেকেই জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। সোমবার কুলগামের লারু এলাকায় জঙ্গি নিসার দারের সন্ধান পায় সেনা। তাঁকে ধরতে গেলে পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপ এবং সেনার সঙ্গে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষে নিসার নিহত হন। কিন্তু হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা লতিফের খোঁজ মেলেনি। এক সূত্রের দাবি, ওই হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন লতিফ। তবুও নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যান তিনি।
এর পর থেকেই লতিফের খোঁজে কুলগামজুড়ে তল্লাশি চলছে। গোপন খবরের ভিত্তিতে বুধবার ভোর থেকে নতুন করে অভিযান শুরু হয়। নিরাপত্তাবাহিনীর অনুমান, ওই এলাকাতেই কোথাও লুকিয়ে রয়েছেন লতিফ। তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা চলছে। তিনি কোথায় থাকতে পারেন, সে বিষয়ে আভাস মিললেও এখনও তাঁকে ধরা সম্ভব হয়নি। এক কর্তা জানিয়েছেন, পুলিশ, সেনা ও সিআরপিএফ ওই এলাকায় লতিফকে কোণঠাসা করতে চাইছে।
সূত্রের খবর, ১০ নভেম্বর লতিফ এবং নিসারকে কুলগামের মীর বাজার, অখরান, হবলিশ এবং কিলমের মতো বেশ কয়েকটি জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল। তার পরের দিনই, ১১ নভেম্বর অখরানের সিআরপিএফ ক্যাম্পে হামলা হয়। ছাউনির আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুজনের খোঁজ পায় নিরাপত্তাবাহিনী। হামলার পর কোন রাস্তা ধরে তাঁরা পালিয়েছিলেন, তা-ও ফুটেজে ধরা পড়ে। হামলার পাঁচ দিনের মাথায় সোমবার লারু এলাকায় ওই দুজন লুকিয়ে রয়েছেন বলে জানতে পারে নিরাপত্তাবাহিনী। তার পরেই ওই এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো হয়। নিসার নিহত হলেও এখনও অধরা লতিফ।