ওঙ্কার ডেস্কঃ জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। দু’দেশের মধ্যে মোট ১৯টি চুক্তি সই হল। প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন- সব ক্ষেত্রেই একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিল দুই দেশ। সূত্রের খবর, সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হয়েছে ভিসা নীতি নিয়ে। মার্জ জানিয়েছেন, ভারতীয়দের জন্য জার্মানির ‘ট্রানজিট ভিসা’ আরও সহজ এবং শিথিল করা হবে। ফলে ভারতীয় যাত্রীদের সুবিধা অনেকটাই বাড়বে। পাশাপাশি জার্মানির স্বাস্থ্য পরিষেবায় ভারতীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করা হবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।
জানা গিয়েছে, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, দুই দেশের মেধা-অদলবদলের মতো বিষয় নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রেও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। জার্মানি থেকে উন্নত সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি কেনার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ভারতীয় কর্তারা।
সূত্রের খবর, দু’দিনের সফরের প্রথম দিনেই গুজরাতের গান্ধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। গান্ধীনগরে বৈঠকের আগে মার্জ আমেদাবাদের সবরমতী আশ্রমে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের প্রতি শ্রদ্ধা জানান। তারপর যান সবরমতী নদীর ধারের আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে। সেখানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ঘুড়ি ওড়ানোতেও অংশগ্রহণ করেন।
অন্যদিকে, আগামী ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে আসছেন। ইউরোপের দুই বড় দেশের সঙ্গে ভারতের পরপর উচ্চপর্যায়ের আলোচনা বিশ্বরাজনীতিতে দিল্লিকে আরোও শক্তিশালী করে তুলবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
