ওঙ্কার ডেস্ক: সমাবর্তন অনুষ্ঠানে দীর্ঘদিনের ঔপনিবেশিক পোশাকের রীতি বদলাতে চলেছে রাজ্য। এবার থেকে বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তনে কালো গাউন, হুড ও টুপির পরিবর্তে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ব্যবহারের পরামর্শ দিল উচ্চ শিক্ষা দপ্তর। এই মর্মে ইতিমধ্যেই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ‘কলোনিয়াল হ্যাংওভার’ কাটিয়ে দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
নতুন নির্দেশিকায় সমাবর্তনের পোশাক হিসেবে ভারতীয় ঐতিহ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ছাত্রছাত্রী ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের দেশীয় পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে শাড়ি, ধুতি, পাঞ্জাবি ও উত্তরীয় ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পোশাক তৈরিতে খাদি ও দেশীয় হ্যান্ডলুমের কাপড় ব্যবহারের উপর জোর দিয়েছে দপ্তর। উচ্চ শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) আগের নির্দেশিকার কথাও তুলে ধরা হয়েছে। জানানো হয়েছে, ভারতীয় আবহাওয়ার উপযোগী পোশাক চালু করা এই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সমাবর্তনের পোশাক নির্ধারণ করতে চায় রাজ্য। শুধু বিশ্ববিদ্যালয় নয়, প্রয়োজন অনুযায়ী অধিভুক্ত কলেজগুলিতেও এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন নিয়ম কীভাবে কার্যকর করা হবে, তা নিয়েও প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই জলপাইগুড়ির একটি অনুষ্ঠানে এই বিষয়ে সরব হয়েছিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সমাবর্তনে ভারতীয় পোশাক চালুর পক্ষে মত প্রকাশ করেছিলেন তিনি। মন্ত্রী জানিয়েছিলেন, ২০১৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একাধিকবার দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে এই বিষয়ে পরামর্শ দিয়েছে। ইউরোপীয় ধাঁচের গাউন ও টুপির বদলে ভারতীয় পোশাক এবং দেশীয় হস্তশিল্পের বস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছিল।