ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। এবার নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর অভিযোগ, ম্যাপিং প্রক্রিয়া সম্পন্ন করার পরেও এবং ভোট দেওয়ার পরেও বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার পিছনে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, ট্রাইব্যুনালের শুনানি চলাকালীন যাঁদের নাম আটকে রয়েছে, তাঁদের বাড়িতে গিয়ে পুলিশের নথি যাচাইয়ের ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক করেছেন সেলিম।
সিপিএম রাজ্য সম্পাদকের দাবি, সুপ্রিম কোর্টে চলা মামলায় দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হলেও বাস্তবে এত কম সময়ের মধ্যে বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি করা অত্যন্ত কঠিন। ট্রাইব্যুনালের বিচারকদের পক্ষেও এই চাপ সামলানো সহজ নয়। এই পরিস্থিতিতে নতুন করে পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
সেলিমের অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খবর আসছে যে স্থানীয় থানার পুলিশকর্মীরা সাধারণ মানুষের বাড়িতে যাচ্ছেন। ট্রাইব্যুনালের শুনানিতে যাঁদের নাম আটকে রয়েছে, তাঁদের পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি দেখতে চাইছেন পুলিশকর্মীরা। পুলিশের এই পদক্ষেপের আইনি বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন সেলিম। তাঁর বক্তব্য, কে ভোটার হবেন আর কে হবেন না, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুলিশের নয়। ভোটার তালিকা সংক্রান্ত বিষয় দেখার জন্য নির্দিষ্ট সাংবিধানিক ও নির্বাচনী কর্তৃপক্ষ রয়েছে। সেখানে পুলিশের হস্তক্ষেপের কোনও অধিকার নেই বলেই দাবি তাঁর।
রাজ্য সরকারের ভূমিকা নিয়েও কটাক্ষ করেছেন সিপিএম নেতা। তাঁর অভিযোগ, বর্তমান সরকার হোক কিংবা আগের সরকার, প্রশাসনিক কাজকর্মে পুলিশের উপর অতিরিক্ত নির্ভরশীলতা দেখা যায়। সরকারের উপর কোনও চাপ তৈরি হলেই পুলিশকে সামনে আনা হয় বলে মন্তব্য করেছেন তিনি। পুলিশ ঠিক কোন নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সেলিম। তাঁর দাবি, ট্রাইব্যুনালের বিচারকদের সাহায্য করার যুক্তিতে এই কাজ করা হলে তার প্রয়োজনীয়তা নেই। কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যেই শুনানির জন্য প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। তাহলে একই কাগজপত্র বারবার দেখানোর প্রয়োজন কেন, সেই প্রশ্ন তুলেছেন বাম নেতা।