নিজস্ব সংবাদদাতা, কলকাতা : সোমবার থেকে কার্যকর হল নতুন জিএসটি কাঠামো। জিনিসপত্র সঠিকদামে বিক্রি হচ্ছে কি না, খতিয়ে দেখতে এবার রাস্তায় নামলেন খোদ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার বাগুইআটি বাজারে যান শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “অন্তত ১৫০ জিনিসের দাম কমেছে। ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। এটা মোদী সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ।
সোমবার থেকে দেশ জুড়ে নতুন হারে জিএসটি কার্যকর হয়েছে। ফলে কমে গিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সব জিনিস সঠিকদামে বিক্রি করা হচ্ছে কি না, তা দেখতে রাস্তায় নামল বঙ্গ বিজেপি নেতৃত্ব। খোদ শমীক ভট্টাচার্য নেতা-কর্মীদের নিয়ে পৌঁছে গেলেন বাজারে। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনে এই জিএসটি হ্রাস যে বিজেপির হাতিয়ার হতে চলেছে, তা স্পষ্ট হয়ে গেল। শুধু বাজার পরিদর্শন নয়, সোশ্যাল মিডিয়া জুড়েও চলছে জিএসটি হ্রাসের প্রচার। বঙ্গ বিজেপির নেতারা তাঁদের প্রোফাইলের ছবি বদলে দিয়েছেন। ডিপিতে লেখা ‘কমল জিএসটি, মিলল উপহার। ধন্যবাদ মোদী সরকার।’ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন, সে কথাই মনে করিয়ে দিচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা।
একই সঙ্গে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “বাঙালির উৎসবকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। মাতৃপক্ষ শুরু হওয়ার পর প্রায় ১৫০-র বেশি জিনিসের দাম কমে যাচ্ছে। দেশবাসীকে উপহার।”
