ওঙ্কার ডেস্ক: ১৯৪৭ সালে দেশভাগের সময় সাম্প্রদায়িক হিংসায় উত্তাল হয়েছিল গোটা উপমহাদেশ। সেই অশান্তির আঁচ এসে পড়েছিল পাকিস্তানের লাহোরে অবস্থিত শিখদের পবিত্র তীর্থস্থান ‘ছেভি পাতশাহি শ্রী গুরু হরগোবিন্দ সাহিব’ গুরুদ্বারেও। দেশভাগের পর থেকেই বন্ধ ছিল এই উপাসনালয়। অবশেষে দীর্ঘ ৭৯ বছর পর সংস্কারের কাজ শেষ করে রবিবার গুরুদ্বারটি ফের খুলে দেওয়া হল।
লাহোরের টেম্পল রোডে অবস্থিত এই গুরুদ্বারের পুনরায় উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের। শিখ রীতি মেনে সম্পন্ন হয় বিভিন্ন আচার। অনুষ্ঠানে যোগ দেন শিখ সম্প্রদায়ের বহু মানুষ। উপস্থিত ছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী তথা পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি রমেশ আরোরা। এছাড়াও ছিলেন ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের (ইটিপিবি) সচিব নাসির মুশতাক-সহ একাধিক আধিকারিক। রমেশ আরোরা জানান, ঐতিহাসিক এই গুরুদ্বারের সংস্কার সম্পূর্ণ হয়েছে। এবার থেকে শিখ সম্প্রদায়ের মানুষ এখানে নিয়মিত ধর্মীয় উপাসনা করতে পারবেন। তাঁর আরও দাবি, পাকিস্তানের বিভিন্ন প্রান্তে ৫০টিরও বেশি গুরুদ্বারের সংস্কারের কাজ চলছে। শিখ ধর্মের ঐতিহ্য সংরক্ষণ এবং তীর্থযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, নাসির মুশতাকের বক্তব্য, গুরুদ্বারটি সংস্কার করে পুনরায় চালু করার মূল লক্ষ্য শিখদের নির্বিঘ্নে ধর্মীয় আচার পালনের সুযোগ করে দেওয়া। একইসঙ্গে লাহোরের ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য আগামী প্রজন্মের জন্য ধরে রাখাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।