ওঙ্কার ডেস্ক: দীপাবলির রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশে। প্রতিবেশীদের সঙ্গে বচসার জেরে গুলিবিদ্ধ হলেন রাষ্ট্রপতি ভবনের এক নিরাপত্তারক্ষী। অভিযোগ, এক প্রতিবেশী তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই জওয়ান। তাঁর মাথায় অস্ত্রোপচারও হয়েছে।
রিপোর্ট অনুসারে, আহত নিরাপত্তারক্ষীর নাম সৌরভ। তিনি রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে নিযুক্ত। দীপাবলি উপলক্ষে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে উৎসব কাটাতে বাগপত জেলার নিজের গ্রাম গোপালপুর খাদানায় ফিরেছিলেন। রবিবার রাতে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাড়ির বাইরে বাজি ফাটাচ্ছিলেন সৌরভ। সেই সময় দুই প্রতিবেশী ধীরজ এবং মনু ওরফে প্রবীণ সেখানে এসে আপত্তি জানায়। পরিবারের অভিযোগ, বাজি ফাটানো নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর ধীরজ ও মনু তিন ভাইকে গালিগালাজ করতে থাকে। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, একপর্যায়ে ধীরজ দেশি পিস্তল বের করে গুলি চালায়। অভিযোগে আরও বলা হয়েছে, প্রথমে গুলিটি একটি দেওয়ালে লাগে। পরে সেটি সৌরভের কানের পিছনে আঘাত করে মাথার ভিতরে আটকে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে বিনীত ও মিন্টুকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তিন ভাইকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।
আহত সৌরভকে প্রথমে স্থানীয় বারাউত কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মিরাট মেডিক্যাল কলেজে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে পরিবারের সদস্যরা তাঁকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানকার আইসিইউতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করেছেন। সৌরভের বাবা জনকরাজের অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার প্রক্রিয়া চলছে।