ওঙ্কার ডেস্ক: মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রবিবার গিজায় একটি যাত্রীবাহী ট্রেন অন্য একটি ট্রেনকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে দ্বিতীয় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।
মিশরের আধিকারিকরা জানিয়েছেন, গিজার অল-অয়ত জেলায়, কায়রোর শহরতলির কাছে এই দুর্ঘটনা ঘটে। গিজা থেকে ফায়োউম যাওয়ার পথে একটি ট্রেন পিছন থেকে ধাক্কা মারে কায়রো থেকে আসওয়ানগামী ট্রেনটিকে। ধাক্কার জেরেই আসওয়ানগামী ট্রেনটি লাইন থেকে ছিটকে যায়। ঘটনায় স্বাভাবিক ভাবেই ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। সূত্রের খবর, ইতিমধ্যেই আহতদের উন্নত চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে মৃতদেহ গুলোও উদ্ধার করা হয়েছে। তবে আহতদের অনেকেরই অবস্থা অত্যন্ত গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা।
অন্যদিকে মিশরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আহতদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাস্থলে ক্রেন নামিয়ে যুদ্ধকালীন পরিস্থিতে ট্রেনের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। ধ্বংসস্তূপে কেউ আটকে রয়েছেন কিনা, তাও দেখার চেষ্টা করা হচ্ছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।