ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, তখন নতুন করে বিতর্ক তৈরি করল ঢাকার ভারতনীতি। পাকিস্তান সফরে গিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তাঁর দাবি, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করার কোনও উদ্দেশ্য ভারতের ছিল না। বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল দিল্লির মূল লক্ষ্য। তাঁর এই মন্তব্য ঘিরে কূটনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ভারতবিরোধী অবস্থান এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর প্রবণতা দেখা গিয়েছিল। এবার নির্বাচিত বিএনপি সরকারের আমলেও সেই নীতির পরিবর্তন হয়নি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ করে বাংলাদেশের সংসদের স্পিকারের মুখে মুক্তিযুদ্ধ নিয়ে এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবেই গোটা পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি। বুধবার পাকিস্তানের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ‘আইওয়ান-ই-সদর’-এ যান বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সেখানে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও বৈঠক করেন তিনি। একই দিনে ইসলামাবাদের পার্লামেন্ট ভবনও পরিদর্শন করেন বাংলাদেশের সংসদের এই প্রতিনিধি।
সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ তোলেন হাফিজউদ্দিন। বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি সাংবাদিকদের তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত বাঙালিদের পাশে দাঁড়ায়নি। বরং পাকিস্তানের শক্তি খর্ব করাই ছিল তাদের উদ্দেশ্য। শুধু তাই নয়, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকাল নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ওই সময়ে বাংলাদেশ কার্যত ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল। এর ফলে দেশের সাধারণ মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে।