ওঙ্কার ডেস্ক: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার অন্ডালে একটি বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই রাজ্যে নতুন চারটি মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণা করেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের দাবি, এই প্রকল্পগুলির জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ক্যানসার-সহ জটিল রোগের দামি ওষুধ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে রাজ্যের প্রতিটি হাসপাতালে খোলা হবে অমৃত মেডিসিন সেন্টার।
পালাবদলের পর থেকেই স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে নতুন সরকার। লক্ষ্য, সাধারণ মানুষ যাতে কম খরচে উন্নত চিকিৎসা পান। ইতিমধ্যেই নিউটাউনে হাসপাতাল তৈরির কাজ শুরু করেছে আদানি গোষ্ঠী। সেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ১,০০০টি শয্যা বিনামূল্যে চিকিৎসার জন্য রাখা হচ্ছে। এরই মধ্যে শুক্রবার অন্ডালে নতুন বেসরকারি ক্যানসার হাসপাতালের শিলান্যাস হয়। ৫০০ শয্যার এই হাসপাতাল তৈরি হলে ক্যানসার চিকিৎসার পরিকাঠামো আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের প্রায় সাড়ে আট কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন। যাঁরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী হেলথ স্কিম। ওষুধের দাম নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ক্যানসার-সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের খরচ বহন করা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন। এই সমস্যা সমাধানেই অমৃত মেডিসিন সেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত হাসপাতালে এই কেন্দ্র খোলা হবে। সেখান থেকে তুলনামূলক কম দামে প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন রোগীরা।