ওঙ্কার ডেস্ক: তৃতীয় দফায় দেশে যে ১৬ টি রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এস আই আর করার কথা ছিল তাদের মধ্যে অন্যতম হল কংগ্রেস শাসিত কর্ণাটক সরকার। কংগ্রেস শাসিত ওই রাজ্যের সরকার এসআইআরের বিরোধিতা করতে সুপ্রিম কোর্টে মামলা করার ভাবনা চিন্তা করছে। বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরুতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একমাত্র আলোচ্য ছিল আগামী মাসে শুরু হতে যাওয়া SIR. কর্নাটকে আগামী বছর বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে এসআইআর নিয়ে রাজ্য সরকার ভোটাধিকার রক্ষায় আদালতে যেতে চায় বলে জানিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী এইচ কে পাতিল।
এই বিষয়ে বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন কর্নাটক আর সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা। তিনি বলেন বাংলায় ২৭ লাখ ভোটার উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও এবার বিধানসভার নির্বাচনে ভোট দিতে পারেননি। কর্নাটক সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি চায় না। রাজ্য সরকার আইনজ্ঞদের সঙ্গে কথা বলে নিশ্চিত এসআইআর একটি অসাংবিধানিক প্রক্রিয়া। এই বিষয়ে রাজ্যের তরফে প্রথমে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হবে। এরপর আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে মামলা করার ভাবনা রয়েছে সরকারের। তিনি বলেন, শীর্ষ আদালত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ট্রাইব্যুনালকে দায়িত্ব দিয়েছিল ভোটারদের নথিপত্র যাচাই করে ভোটদানের সুযোগ করে দিতে। পশ্চিমবঙ্গে ট্রাইবুনাল চূড়ান্ত ব্যর্থ হয়েছে। এর ফলে ওই রাজ্যের ২৭ লাখ ভোটার এবার নির্বাচনে ভোট দিতে পারেননি যাদের অনেকের উপযুক্ত নথিপত্র ছিল।কর্নাটকের আইনমন্ত্রী পড়শি রাজ্য তামিলনাড়ুর অভিজ্ঞতাকেও হাতিয়ার করেছেন। তিনি বলেন, তামিলনাড়ুতেও বহু মানুষ এবার নির্বাচনে ভোট দিতে পারেননি যাদের কাছে বৈধ কাগজপত্র ছিল। এস আই আর নিয়ে সে রাজ্যের সরকারের বক্তব্য, এই এস আই আর প্রক্রিয়া সম্পূর্ণ রুপে অসাংবিধানিক।