নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট : কাটমানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ তিনজন। শুক্রবার বালুরঘাট আদালতে পেশ করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৌশিক মাহাত ওরফে ডাকু, দিবাকর রায় ওরফে বাবুন এবং মাসুদ সরকারকে কলকাতা থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, কুমারগঞ্জ এলাকায় একটি রাস্তা সংস্কারের টেন্ডারকে কেন্দ্র করে বালুরঘাটের ঠিকাদার সৌম্যব্রত দে-র কাছে পাঁচ লক্ষ টাকা কাটমানি দাবি করা হয়েছিল। অভিযোগে আরও বলা হয়েছে, টাকা না দিলে ঠিকাদারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। গত ১৮ মে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ঠিকাদার। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্তে নামে পুলিশ। পরে কলকাতা থেকে ধৃতদের গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে বালুরঘাটে আনা হয়।