ওঙ্কার ডেস্ক: পতিতাবৃত্তি পরিচালনা এবং মাদক পাচারের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। ওই দুজন ছাড়াও আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। অপরাধমূলক কর্মকাণ্ডের সন্দেহে ফেডারেল ও স্থানীয় এজেন্টরা একটি মোটেলে তল্লাশি চালিয়েছেন। সেই তল্লাশি অভিযানের পর তাঁদেরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিয়ে উত্তর ভার্জিনিয়ার ফেডারেল অ্যাটর্নি জানান, ৫২ বছর বয়সী কোশা শর্মা এবং ৫৫ বছর বয়সী তরুণ শর্মার বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ওই মোটেলের তৃতীয় তলায় মাদক বিক্রি ও পতিতাবৃত্তির জন্য ব্যবহার করতেন। বেশ কয়েক বার গোপন অভিযানের পর দুজনকে গ্রেফতার করা হয়। আদালতের নথি অনুসারে, কোশা শর্মা, যিনি মা বা মামা কে নামে পরিচিত এবং তরুণ শর্মা, যিনি পপ বা পা নামে পরিচিত ২০২৩ সালের মে মাস থেকে ওই মোটেলটি পরিচালনা করছিলেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত দম্পতি মোটেল থেকে মাদক পাচার এবং পতিতাবৃত্তি পরিচালনার অনুমতি দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, কোশা পতিতাবৃত্তিতে অংশ নেওয়া ব্যক্তিদের এবং মাদক ক্রেতাদের মোটেলের তৃতীয় তলায় রাখতেন। তদন্তকারীরা ঘটনাস্থলে এলে তাদের আগেভাগেই সতর্ক করে দিতেন।
কোশা এবং তরুণ ছাড়া এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন ৫১ বছর বয়সী মার্গো পিয়ার্স, ৪০ বছর বয়সী জোশুয়া রেডিক এবং ৩৩ বছর বয়সী রাশার্ড স্মিথ। আদালতের নথি থেকে জানা গেছে, গত মে থেকে আগস্ট এর মধ্যে প্রিন্স উইলিয়াম কাউন্টি এবং ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর তদন্তকারীরা ছদ্মবেশে ওই মোটেলটি পরিদর্শন করেন। রিপোর্ট অনুসারে, ওই মোটেলে অন্তত আট জন মহিলাকে দিয়ে পতিতাবৃত্তি করানো হতো বলে অভিযোগ।
