ওঙ্কার ডেস্ক: মুম্বই-অহমদাবাদ হাইস্পিড করিডরে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। সেই লক্ষ্যেই দ্রুতগতিতে চলছে ট্রেন তৈরির কাজ। বেঙ্গালুরুর ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল) এই ট্রেন নির্মাণ করছে। সম্প্রতি সংস্থার কারখানা পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই তৈরি হচ্ছে এই ট্রেন।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বুলেট ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৮০ কিলোমিটার। তবে বাণিজ্যিকভাবে চলার সময় ঘণ্টায় ২৪৯ কিলোমিটার গতিতে ছুটবে সেটি। ট্রেনটির দৈর্ঘ্য হবে ২০২ মিটার। মোট আটটি কামরায় বসার ব্যবস্থা থাকবে ৫৫৭ জন যাত্রীর। এর মধ্যে দু’টি আসন বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য সংরক্ষিত রাখা হবে। ট্রেনের আটটি কামরার মধ্যে সাতটি থাকবে স্ট্যান্ডার্ড ক্লাসের। বাকি একটি হবে এক্সিকিউটিভ ক্লাসের। ট্রেনের সামনের ও পিছনের দুই প্রান্তেই থাকবে চালকের কেবিন। যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে কামরার সংখ্যা বাড়ানোর সুযোগও রাখা হচ্ছে। সে ক্ষেত্রে বর্তমান আটটি কামরার সঙ্গে আরও আটটি যুক্ত করা সম্ভব হবে।
যাত্রীদের আরামদায়ক সফরের কথা মাথায় রেখে কামরার ভিতরে পর্যাপ্ত জায়গা রাখা হচ্ছে। থাকছে আধুনিক এলইডি আলো। যাত্রীদের ব্যাগ রাখার জন্য কামরার উপরের ও নীচের অংশে বিশেষ ব্যবস্থা থাকবে। যাত্রীদের প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে প্রতিটি কামরায় স্বয়ংক্রিয় ঘোষণার ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি থাকবে এলইডি স্ক্রিন। সেখানে ইংরেজি, হিন্দি এবং আঞ্চলিক ভাষায় বিভিন্ন তথ্য দেখানো হবে। জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগের ব্যবস্থাও থাকছে। শুধু কামরার ভিতর থেকেই নয়, কামরাগুলির সংযোগকারী ভেস্টিবিউল থেকেও জরুরি বার্তা পাঠানো যাবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বুলেট ট্রেনে গতি, যাত্রীস্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।