ওঙ্কার ডেস্ক: বাবরি মসজিদ ইস্যুতে ফের বিতর্কিত মন্তব্য নওদার বিধায়ক হুমায়ুন কবীরের। আগামী ৬ ডিসেম্বর বেলডাঙায় মসজিদ প্রতিষ্ঠার দিন জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছেন হুমায়ুন। একই সঙ্গে পুলিশ-প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিধায়ক বলেন, প্রশাসনের ক্ষমতা থাকলে অবরোধ আটকে দেখাক।
রবিবার বেলডাঙায় বাবরি মসজিদ চত্বরে আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত একটি সভা হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন আমজনতা উন্নয়ন পার্টির একমাত্র বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানান, ৬ ডিসেম্বর ৩৪ নম্বর জাতীয় সড়কের রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা অবরোধের আওতায় থাকবে। বিধায়কের দাবি, এর আগে কৃষ্ণনগর, বহরমপুর, ডোমকল, জলঙ্গি, সাঁইথিয়া, কান্দি এবং বর্ধমান-নবদ্বীপ সেতু সংলগ্ন বিভিন্ন রাস্তায় কয়েক ঘণ্টার জন্য মানুষ রাস্তায় নেমেছিলেন। বাবরি মসজিদকে ঘিরে আবেগের টানেই তাঁরা এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তাঁর বক্তব্য, আগের কর্মসূচিতে আন্দোলনকারীরা আইন ভাঙেননি। ২০২৬ সালের ৬ ডিসেম্বরের কর্মসূচিতেও মুসলিম সম্প্রদায়ের মানুষকে তাঁর পাশে থাকার আহ্বান জানিয়েছেন হুমায়ুন। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতেও তাঁরা আইনশৃঙ্খলা ভাঙবেন না।
উল্লেখ্য, গত বছর তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হন হুমায়ুন। এর পর বাবরি মসজিদকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি শুরু করেন তিনি। ঐতিহাসিক ৬ ডিসেম্বর দিনটিকেই বেছে নিয়ে নিজের এলাকা বেলডাঙায় মসজিদ প্রতিষ্ঠার ঘোষণা করেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। এই কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সে সময় পুলিশও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল। এবার ফের প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে একই দিনে রাস্তা অবরোধের ঘোষণা করলেন বিধায়ক।