অর্পিতা মুখার্জী, কলকাতা: ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়ন আর চাকরির সুযোগ বাড়ানোকে অগ্রাধিকার দিয়েছে নতুন রাজ্য সরকার। বাইরে থেকে পুঁজি আনার বিষয়েও দ্রুত কিছু শোনা যেতে পারে বলে মহলে ধারণা তৈরি হয়েছে। ঠিক এই পরিস্থিতিতে বুধবার সকালবেলা বিজেপির রাজ্য কার্যালয়ে হাজির হন ভারতে অস্ট্রেলিয়ার দূত ফিলিপ গ্রিন। সেখানে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে তাঁর একান্ত আলোচনা চলে বেশ কিছুক্ষণ।
সূত্রের দাবি, আলোচনায় পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন দূত। অস্ট্রেলিয়ায় বসবাসকারী বঙ্গসন্তানদের অবদান নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। পৃথিবীর নানা প্রান্তে থাকা বাঙালিদের প্রসঙ্গও ওঠে কথাবার্তায়। শমীক তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠক শেষে আলোচনাকে অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করেন ফিলিপ।
এই সাক্ষাতের পরেই প্রশ্ন ভাসছে, দুই ইঞ্জিনের সরকারের রাজ্যে এবার কি ক্যানবেরা থেকে পুঁজি আসতে চলেছে? রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে এ নিয়েই এখন কানাঘুষো চলছে।
পদ্ম শিবিরের বক্তব্য, আগের তৃণমূল জমানায় রাজ্যে কলকারখানা গড়ে ওঠেনি। বামেদের সময়েও শিল্পায়ন থমকে ছিল। প্রায় পাঁচ দশক ধরে রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের অভাব রয়েছে বলে তাদের দাবি। ক্ষমতা বদলের পর শিল্প ও চাকরি নিয়ে বড় বার্তা দিয়েছে নতুন সরকার। বেকারত্ব কমানোর লক্ষ্যে উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যরা।
বাম জমানায় হুগলির সিঙ্গুর থেকে কারখানা না করেই ফিরে গিয়েছিল টাটা গোষ্ঠী। শীর্ষ আদালতের নির্দেশে সেই জমি চাষিদের হাতে ফিরলেও, কার্যত তা ফাঁকাই পড়ে রয়েছে। সেই জমিতেও শিল্প গড়ার কথা বলেছেন শমীক। টাটাদের ফের রাজ্যে আনার বিষয়ে কথাবার্তা চলছে। এখন অস্ট্রেলিয়া থেকে লগ্নি আসার সম্ভাবনা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।