অনেক সময় আমাদের হাত, পা, মুখ কিংবা শরীরের অন্য কোথাও কেটে গেলে বা ক্ষত তৈরি হলে ক্ষতটি শুকিয়ে যাওয়ার পরেও সেখানে কালো দাগ থেকে যায়। এমনকি মশার কামড়ে চুলকাতে চুলকাতে সামান্য ক্ষত তৈরি হলেও সেই জায়গায় দীর্ঘদিন কালো ছোপ দেখা যায়। একে বলা হয় পোস্ট-ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন (PIH)। ত্বকে প্রদাহ বা আঘাতের কারণে অতিরিক্ত মেলানিন তৈরি হলে এমন কালো দাগ দেখা দিতে পারে। তবে কিছু সহজ যত্নের মাধ্যমে ধীরে ধীরে এই দাগ হালকা করা সম্ভব।
১. অ্যালোভেরা জেল
অ্যালোভেরা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। পরিষ্কার ত্বকে বিশুদ্ধ অ্যালোভেরা জেল লাগাতে পারেন। তবে আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেবেন। জ্বালা বা অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করুন।
২. সানস্ক্রিম ব্যবহার করুন
রোদে বের হলে কালো দাগ আরও গাঢ় হতে পারে। তাই মুখ, হাত ও পায়ের খোলা অংশে SPF 30 বা তার বেশি সানস্ক্রিম ব্যবহার করুন। বাইরে থাকলে প্রয়োজন অনুযায়ী পুনরায় লাগান।
৩. ময়েশ্চারাইজার লাগান
ত্বক শুষ্ক হয়ে গেলে চুলকানি বাড়তে পারে। তাই নিয়মিত সুগন্ধিবিহীন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা ভালো থাকে।
৪. চুলকানো ও খোঁটানো বন্ধ করুন
মশার কামড় বা ছোট ক্ষত হলে বারবার চুলকাবেন না। এতে প্রদাহ বেড়ে যেতে পারে এবং নতুন করে কালো দাগ তৈরি হতে পারে। ক্ষত থাকলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিচ্ছন্ন রাখুন।
৫. ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান
আমলকি, পেয়ারা, লেবু, কমলালেবু এবং অন্যান্য ফলমূল খাদ্যতালিকায় রাখুন। ভিটামিন সি ত্বকের স্বাভাবিক কোলাজেন তৈরিতে সাহায্য করে।
যেসব বিষয় এড়িয়ে চলবেন
ত্বকের কালো দাগ দূর করার জন্য লেবুর রস, বেকিং সোডা, টুথপেস্ট বা জোরে ঘষাঘষি করবেন না। এগুলো ত্বকে জ্বালা সৃষ্টি করে দাগ আরও বাড়িয়ে দিতে পারে। খোলা ক্ষতের ওপর কোনো ঘরোয়া উপাদান লাগাবেন না।
কালো দাগ একদিনে দূর হয় না। নিয়মিত ত্বকের যত্ন নিলে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে কিছুটা উন্নতি দেখা যাবে।