ওঙ্কার ডেস্ক: নজির বিহীন পদক্ষেপ মালদ্বীপ সরকারের। বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপানে নিষেধাজ্ঞা আরোপ করল দেশটি। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০০৭ সালের জানুয়ারি মাসে কিংবা তার পরে যাদের জন্ম তাঁদের জন্য ধূমপান নিষিদ্ধ। পর্যবেক্ষকদের মতে এর ফলে, একটি গোটা প্রজন্ম ধূমপান মুক্ত হিসেবে বেড়ে উঠবে।
দ্বীপ রাষ্ট্রটির সরকারের তরফে জানানো হয়েছে, ২০০৭ সালে কিংবা তার পরে যাদের জন্ম তাঁরা তামাক কেনা, ব্যবহার এবং বিক্রি করতে পারবে না। মালদ্বীপ সরকার এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ইলেক্ট্রনিক সিগারেট আমদানি, ব্যবহার এবং বিতরণ নিষিদ্ধ করা হয়েছিল মালদ্বীপে। বিশ্বের বহু দেশ ধূমপানে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু মালদ্বীপ নজির বিহীন ভাবে সেই পথে হেঁটে ধূমপানে নিষেধাজ্ঞা চাপাল।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডে ২০০২ সালে একটি আইন এনে বলা হয়েছিল, ২০০৯ সালের ১ জানুয়ারির পর যারা জন্মগ্রহণ করেছেন, তাদের তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। যা কার্যকর হওয়ার কথা ছিল ২০২৪ সালে। কিন্তু সরকারের মধ্যে কিছু জটিলতা তৈরি হয়, আর সে কারণে তা বাস্তবায়ন হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে ধূমপান বন্ধ করতে এমন আইন প্রণয়নের চেষ্টা হয়েছিল। কিন্তু তা কার্যকর হয়নি।
