ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে রফতানির জন্য চাল কিনছে ইসলামাবাদ। ইতিমধ্যে দরপত্র ডাকা সম্পন্ন করেছে শাহবাজ শরিফের সরকার। প্রসঙ্গত, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর সে দেশের ক্ষমতায় বসেছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। গত বছর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে ঢাকার। ইসলামাবাদের সেনা কর্তা সম্প্রতি ঢাকা সফর করেছেন। যার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা চলছে। এই আবহে ঢাকাকে চাল দেওয়ার চাল নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
সূত্রের খবর, ইতিমধ্যে এক লক্ষ টন চাল কিনতে চেয়ে দরপত্র আহ্বান করেছে ইসলামাবাদ। মূলত ইউনুস সরকারকে দেওয়ার জন্য এই চাল কেনার দরপত্র ডাকা হয়েছে। বাংলাদেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সে জন্য বেশ কিছু পদক্ষেপও করতে শুরু করেছে তারা। চালের দাম কমাতে আমদানির জন্য কিছু দরপত্র ডেকেছে ইউনুস সরকার। সেই সময়ে পাকিস্তানও নিজেদের বাজার থেকে চাল কিনতে দরপত্র আহ্বান করল। সূত্রের দাবি, ঢাকাকে চাল সরবরাহ করতে ওই চাল কিনছে ইসলামাবাদ।
বাংলাদেশের সরকারি তথ্য অনুসারে, গত বছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবরে সেদেশে চালের দাম যা ছিল, তার চেয়ে চলতি বছরের অক্টোবরে সব ধরনের চালের দাম বেড়েছে। গত অক্টোবরে বাংলাদেশে মোটা চালের দাম ছিল ৫২ টাকা ৪৩ পয়সা, মাঝারি সাইজের চালের দাম ছিল ৬২ টাকা ৪৩ পয়সা এবং সরু চালের দাম ছিল ৭৭ টাকা ১০ পয়সা।
