ওঙ্কার ডেস্কঃ চিনের সঙ্গে হাত মেলালে, কোনও বাণিজ্য চুক্তি করলে কানাডার জন্য শাস্তি ঘোষণা ট্রাম্পের। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, চিনের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি হলে, তাৎক্ষণিকভাবে আমেরিকায় প্রবেশ করা সমস্ত ক্যানাডিয়ান পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, চিনের জন্য পণ্য পাঠাতে কানাডাকে যদি ‘ড্রপ অফ পোর্ট’ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেন মার্ক কর্নি, তবে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। চিন কানাডাকে ‘গিলে খেয়ে ফেলবে’। ট্রাম্প স্পষ্ট করে জানান, চিনের সঙ্গে কোনও চুক্তি হলে, কানাডার সমস্ত পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে।
এটাই প্রথম নয়, আগেও কানাডার পণ্যের উপর শুল্ক আরোপের পথে হেঁটেছেন আমেরিকা। এবার চিনের সঙ্গে দোস্তি করলে শুল্ক বাড়ানোর কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পের আগ্রাসী নীতির সমালোচনা করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কর্নি। গ্রিনল্যান্ডে আমেরিকার ‘গোল্ডেন ডোম’ তৈরির প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেছিল কানাডা। তারপর থেকেই কানাডার উপর ক্ষিপ্ত ছিলেন ট্রাম্প।
ট্রাম্পের দাবি, আমেরিকার কাছ থেকে বহু সুবিধা পেয়ে থাকে কানাডা। তাই কানাডাকে আমেরিকার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু সেই কানাডাই এখন চিনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে, যা একটি ‘চরম ভুল সিদ্ধান্ত’।
কর্নি জানান, বাণিজ্য সংক্রান্ত বাধা কমানো এবং শুল্ক হ্রাস করার লক্ষ্যেই দুই দেশ একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তি অনুযায়ী, মাত্র ৬.১ শতাংশ শুল্ক দিয়ে চিন থেকে প্রায় ৪৯ হাজার বৈদ্যুতিন গাড়ি আমদানি করবে কানাডা। এরপরই সুর চড়ান ট্রাম্প।
