ওঙ্কার ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের পণ্যে আগেই অতিরিক্ত ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও একবার নয়াদিল্লির ওপর কোপ বসাতে চলেছে ওয়াশিংটন। রাশিয়ার কাছ থেকে তেল কেনে যে সমস্ত দেশ তাদের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিলটি পাস হলে ভারত, চিন, ব্রাজিল-সহ একাধিক দেশের বাণিজ্যনীতি ধাক্কা খাবে বলে মত পর্যবেক্ষকদের।
এই বিলটি তৈরিতে সম্মতি ছিল রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের। রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্প ‘রাশিয়া স্যাংশন বিল’-এ সম্মতি দিয়েছেন। উদ্দেশ্য ভারত, চিন ও ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করা। মূলত যারা রাশিয়ার ব্যবসায়িক অংশীদার তাদের ওপর চাপ তৈরি করাই লক্ষ্য। রিপোর্ট অনুসারে, রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বিলটি তৈরি করেছেন।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে আগেই অভিযোগ করা হয়েছে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে মস্কো ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে। তাই যুদ্ধ ‘বন্ধ’ করার লক্ষ্যে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য যে দেশগুলি কিনছে, সেই দেশগুলির ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে চায় ট্রাম্প প্রশাসন। উদ্দেশ্য হল রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের জন্য অর্থের উৎস বন্ধ করা। সিনেটর গ্রাহাম এ প্রসঙ্গে বলেন, আগামী সপ্তাহেই বিলটি নিয়ে ভোট হতে পারে। পুতিনকে কোণঠাসা করতে সঠিক সময়েই এই বিল আনা হয়েছে বলে মত তাঁর।
