ওঙ্কার ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্টকে অনেকে স্বৈরাচারী শাসক বলে মনে করেন, এমনটাই দাবি ট্রাম্পের। তবে তাঁর বক্তব্য, মাঝে মাঝে একনায়কতন্ত্রের প্রয়োজন পড়ে। বুধবার দাভোসের বৈঠকের পর এমন মন্তব্য করেন ট্রাম্প।
দাভোসে তাঁর বক্তৃতা বেশ প্রশংসিত হয়েছে বলেই দাবি করেছেন ট্রাম্প। তিনি জানান, “আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার বক্তৃতার এত প্রশংসা হয়েছে। সাধারণত ওরা বলে, আমি এক ভয়ঙ্কর স্বৈরাচারী শাসক। কিন্তু মাঝেমাঝে একজন একনায়কের প্রয়োজন হয়।” তাঁর এই বক্তব্য বিতর্কের সৃষ্টি করেছে।
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ করেছে মার্কিন বাহিনী। তারপরে গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় রয়েছেন ট্রাম্প। তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। এছাড়াও ভারত-সহ বিভিন্ন দেশের উপরে চড়া হারে শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকা। এসব একপ্রকার একতরফা ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। সেকারণে অনেকেই মনে করেন, এই শুল্ক-সিদ্ধান্তগুলিতেও ট্রাম্পের ‘একনায়ক’ ভাবমূর্তিই প্রকট হয়।
বুধবার দাভোসে গ্রিনল্যান্ডের কথাও উল্লেখ করেন ট্রাম্প। দাবি করেন, তিনি জোর করে গ্রিনল্যান্ড দখল করবেন না। তিনি বলপ্রয়োগ করতে চান না। তবে ট্রাম্প এও জানান, ‘‘আমেরিকা ছাড়া অন্য কোনও দেশ ডেনমার্ক নিয়ন্ত্রিত গ্রিনল্যান্ড সুরক্ষিত রাখতে পারবে না।’’
