ওঙ্কার ডেস্ক: ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ ‘জিএফএস গ্যালাক্সি’এর উপর রবিবার হামলা চালায় ইরান। যে হামলার পর নিখোঁজ হন এক ভারতীয় নাবিক। বুধবার ওই নাবিকের পরিবারের তরফে জানানো হয়েছে, ৩০ বছর বয়সী হেরম্ব কর্মকারের মৃত্যু হয়েছে তেহরানের হামলায়। সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজটিতে তিনি মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
সাইপ্রাস সরকারের তরফে জানানো হয়েছে, জাহাজটিতে ১১ জন ভারতীয়-সহ মোট ২৪ জন নাবিক ও কর্মী ছিলেন। অজ্ঞাত বস্তুর আঘাতের শিকার হয়েছিল জলযানটি। যদিও ইরানের দাবি, জাহাজটি গতিপথ বদলে একটি অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর সে সময় তারা সেটিতে আঘাত হানে। নিহত নাবিক হেরম্ব কর্মকারের শ্বশুর বিবেক ট্যান্ডন সংবাদ সংস্থাকে জানান, জাহাজ পরিচালক সংস্থাটি তাঁকে জানিয়েছে, তাঁর জামাইয়ের মৃত্যু হয়েছে। যদিও এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক বুধবার তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া দেয়নি।
উল্লেখ্য, গত তিন দিনে এই অঞ্চলে দুই ভারতীয় নাবিকের মৃত্যু হল। এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় দুটি জাহাজের ওপর হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছিলেন। মঙ্গলবার ওই মৃত্যুর ঘটনার পর নয়াদিল্লি ইরানের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। দেশটির উপ-রাষ্ট্রদূতকে তলব করেছিল নয়াদিল্লি। গত সপ্তাহে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার পর তেহরান জানায়, তারা হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জাহাজ ছাড়া অন্য সব দেশের নৌ-চলাচলের জন্য এই জলপথ উন্মুক্ত রয়েছে।