ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের তরুণ ছাত্র নেতা ওসমান হাদিকে খুন করে ভারতে পালিয়েছে প্রধান অভিযুক্ত এবং তার সঙ্গী, এমনটাই জানাল বাংলাদেশ পুলিশ। রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠকে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এ কথা জানান।
পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে খুনের পর ঘাতক ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়েছে। তাদেরকে পড়শি দেশে গা ঢাকা দিতে সহযোগিতা করেছে দুই ভারতীয়। ইতিমধ্যে সেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনের নাম পূর্তি ও সামী। অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম আরও বলেন, হাদির হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। তিনি জানান, হাদিকে গুলি করার পর ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে ব্যাটারি চালিত রিকশায় আমিনবাজারে যায় প্রথমে। সেখান থেকে কালামপুর হয়ে ময়মনসিংহ সীমান্তে যান। সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যায় তারা।
উল্লেখ্য, হাদিকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যে ৬ জন আদালতে জবানবন্দি দিয়েছে। এ ছাড়া ৪ জন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছে। পুলিশ জানিয়েছে ইনকিলাব মঞ্চের নেতার খুনের তদন্ত একেবারে শেষ পর্যায়ে। আগামী ১০ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে। গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের কালভার্ট রোডে হাদিকে গুলি করা হয়। রিকশায় থাকাবস্থায় তাঁর মাথায় গুলি করে আততায়ীরা। এর পর বাইকে চেপে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি।
