ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিঁদুর অভিযানের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। তবে দুই দেশের মধ্যে যদি আলোচনার পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনা চায় নয়াদিল্লি, এ ক্ষেত্রে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দারকে এ কথা জানিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিয়ো।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত জুলাই মাসে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিয়োর সঙ্গে ইশাক দারের আলোচনা হয়েছিল। তাতে উঠে এসেছিল ভারতের প্রসঙ্গ। ইশাক দার বলেন, ‘২৫ জুলাই ওয়াশিংটনে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকে ভারতের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে রুবিয়ো বলেছিলেন, ভারত না কি তাঁকে বলেছে, বিষয়টি দ্বিপাক্ষিক।’ ইশাক দার আরও বলেন, অপারেশন সিঁদুর অভিযানের পর গত ১১ মে সকাল ৮টা ১৭ মিনিটে রুবিয়োর কাছ থেকে আমার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব আসে। সে সময় বলা হয়, খুব শীঘ্রই একটি নিরপেক্ষ জায়গায় ভারতের সঙ্গে আমাদের আলোচনা হবে। সেই আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে রুবিয়ো জানান, আলোচনায় ভারত তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না। ১৯৭২ সালের সিমলা চুক্তিতে শর্ত ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও সমস্যার সমাধান দ্বিপাক্ষিক স্তরে হবে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলা হয়। যাতে ২৬ জন প্রাণ হারান। সেই ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে ভারত। যদিও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে। পহেলগাঁওয়ের জবাবে গত ৭ মে ভারত ‘সিঁদুর’ অভিযান চালায়। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতের সেনাবাহিনী।
