ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রছাত্রীদের চলমান বিক্ষোভের মাঝেই আরও তৎপর মোদী সরকার। প্রশ্ন ফাঁস ও জালিয়াতি রুখতে যে আইন বর্তমানে রয়েছে সেগুলোকে আরও কঠোর করার পরিকল্পনা করছে সরকার, এমনটাই খবর সূত্র মারফত।
প্রশ্নফাঁস কাণ্ডে বৃহস্পতিবার মধ্যরাতে ভিডিও বার্তায় আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই এক উচ্চ পদস্থ আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান, কেন্দ্রীয় সরকার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪’-কে আরও শক্তিশালী করতে এতে সংশোধনী আনার পরিকল্পনা করছে।
সূত্রের দাবি, শুক্রবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই এই প্রস্তাবিত সংশোধনীগুলো অনুমোদন পেতে পারে। প্রশ্ন ফাঁসের মামলা বিচারের জন্য ‘ফাস্ট-ট্র্যাক আদালত’ গঠনের বিষয়টিও যুক্ত করা হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালেই জানিয়েছিলেন, প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর জন্য তিনি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দিয়েছেন। সূত্রের দাবি, সংশোধনীগুলোর মাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের জেল ও জরিমানার পরিমাণ বাড়ানো হতে পারে। বর্তমানে, যে আইন রয়েছে তাতে প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ৩ থেকে ৫ বছরের কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।