ওঙ্কার ডেস্ক: ককরোচ জনতা পার্টির বিক্ষোভের জেরে শুক্রবারও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন। এই নিয়ে টানা তৃতীয় দিন মেট্রো পরিষেবা ব্যাহত রাজধানীতে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সকাল সাড়ে ৭টা থেকে ১৭ স্টেশন বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।
যে ১৭ মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে সেগুলি হল—লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ, শিবাজি স্টেডিয়াম এবং ঝান্ডেওয়ালান। তবে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে মেট্রো পরিবর্তনের সুবিধা চালু থাকবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য এর আগে বুধবার ও বৃহস্পতিবারও এই ১৭ স্টেশন বন্ধ রাখা হয়েছিল। এদিকে মেট্রো স্টেশন বন্ধ থাকার ফলে দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। বুধবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন শীর্ষ আদালতে একটি আবেদন করেছিল। তাতে জানানো হয়েছিল রাজধানীর বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ থাকার ফলে আইনজীবী ও মামলাকারীদের পক্ষে আদালতে পৌঁছতে সমস্যায় পড়তে হচ্ছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির ডাকা আন্দোলনে সাড়া দিয়ে পথে নেমেছে হাজার হাজার পড়ুয়ারা। সমাজকর্মী সোনম ওয়াংচুক টানা ২৬ দিন অনশনে থাকার পর বৃহস্পতিবার তা প্রত্যাহার করেছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রশ্নফাঁস কাণ্ডে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।