নিজস্ব প্রতিনিধি : স্টেশন চত্বরেই পড়ে ছিল ক্ষতবিক্ষত দেহ, জলপাইগুড়ি শহরে রবিবার সকালে এমনই এক বীভৎস ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে । জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে, ১ নম্বর রেলগেটের সামনে একটি ট্রাকের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। সকাল হতেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয় রেল পুলিশ। একজন আধিকারিক নিজেই স্ট্রেচার নিয়ে এসে দেহ উদ্ধার করেন এবং প্রাথমিক তদন্তের জন্য নিয়ে যান।
যথেষ্ট চাঞ্চল্যের মাঝেই দেহের পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্থানীয় বাসিন্দা রাজেশ কামতি জানিয়েছেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাতের ট্রেন চলাচলের সময় দুর্ঘটনা ঘটেছে। তবে ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে স্পষ্ট ধারণা মেলেনি। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর আসল কারণ জানার জন্য তদন্ত চলছে।
